
শেষ আপডেট: 11 September 2023 07:47
দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটলেও বোর্ড গঠন নিয়ে সন্ত্রাসের অভিযোগ অব্যাহত। এবার মুর্শিদাবাদের রানিনগর (Raninagar) পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বোর্ড গঠনে অর্ন্তবর্তী স্থগিতাদেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high Court)। সোমবার বেলা ১২টা নাগাদ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “বিচার ব্যবস্থার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা।”
মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৭। এর মধ্যে বাম-কংগ্রেস জোট জয়ী হয় ১৪টি আসনে। এর মধ্যে কংগ্রেস ৯, সিপিএম ৪ এবং আরএসপি ১টি আসনে জয়ী হয়। বাম কংগ্রেস জোটের তরফ থেকে সভাপতি করা হয় কংগ্রেসের কুদ্দুস আলিকে। অভিযোগ, গত শুক্রবার পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে যাওয়ার পথে সম্প্রতি কুদ্দুস অভিযোগ করেন, তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন থানার বড়বাবু। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ওই ভিডিও বার্তা। যদিও এই ভিডিও বার্তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। কুদ্দুস গ্রেফতার হওয়ার পরই কংগ্রেসের ৩ জয়ী সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তৃণমূল। সোমবার পঞ্চায়েতের স্থায়ী সমিতির নির্বাচনের কথা ঘোষণা করা হয়। পুলিশের তরফে এলাকায় ১৪৪ ধারা জারি করে নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হয়।
শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ হয় বাম কংগ্রেস জোট। ওই মামলার শুনানিতেই রানিনগরে বোর্ড গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও জোটের অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বর দাবি, জোটের নির্বাচিত সদস্যরা তৃণমূলের উন্নয়নে সামিল হতে চাইলে তাঁরা কি বারণ করবেন?
আরও পড়ুন: মন্দারমনির সমুদ্র সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ, বোতল কুড়োতে এসে স্থানীয়দের নজরে