
শেষ আপডেট: 26 October 2021 08:45
দুর্গাপুজো এখন আর শুধু বাংলায় সীমাবদ্ধ নয়। ভিন রাজ্যের গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। প্রবাসী বাঙালিদের সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে দুর্গাপুজো। সর্বজনীন এই উৎসবের ঐতিহ্য বিশ্বের কোণায় কোণায় পৌঁছে দিতে কী পরিকল্পনা করা হতে পারে সে নিয়েই আলোচনা হয় টালা প্রত্যয়ের সান্ধ্য বৈঠকে। কমিটির সদস্যরা বলেন, দুর্গাপুজোর গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হবে। দুর্গোৎসব শুধু পশ্চিমবঙ্গেই নয়, মহাদেশগুলিতে, যেখানে বাঙালিরা রয়েছেন, সেখানেও অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। এই উৎসব বিশ্বব্যাপী বাঙালিদের হৃদয়কে সংযুক্ত করে।
আলোচনাসভায় নিজেদের চিন্তাভাবনা ভাগ করে নেন সমাজের বিভিন্ন স্তরের ও বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। প্যানেলে যে সমস্ত বক্তা তাঁদের বক্তব্য রাখেন তাঁদের মধ্যে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ডিরেক্টর ডঃ দেবাঞ্জন চক্রবর্তী, বাংলা নাটক ডট কম-এর ডিরেক্টর অনন্যা ভট্টাচার্য, স্থপতি সায়ন্তন মৈত্র, ললিত গ্রেট ইস্টার্নের জেনারেল ম্যানেজার শ্রী দিলীপ মিশ্র সহ অনেকে। প্যানেলে ছিলেন টলিউডের অভিনেত্রী সোহিনী সরকারও।
ফিরহাদ হাকিম বলেন, উৎসবের শক্তিশালি সম্ভাবনাকে একটি গ্লোবাল ইভেন্ট করে তুলতে হবে। কীভাবে এই উৎসবের মাধ্যমে মানুষের জন্য রাজস্ব আদায় হতে পারে তারও রূপরেখা তৈরি করতে হবে। ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় অধিকর্তা দেবাঞ্জন চক্রবর্তী বলেন, প্রতিমা শিল্পী, ঢাকি, স্থপতি-ভাস্কর থেকে রেস্তোরাঁ, নানা ক্ষুদ্র শিল্পের প্রসারও হয় দুর্গাপুজোকে ঘিরে। বিদেশি পর্যটকরা আসেন, কাজেই পর্যটন শিল্পও জড়িয়ে। দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলে আরও বেশি বিদেশি পর্যটকদের টেনে আনা যাবে। ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে শিল্প ও লোকশিল্পের প্রসার ও প্রচারও হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'