মিমি-নুসরতের ছবি পোস্ট করে অভিনন্দন জানালেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, ব্যঙ্গ করলেন রামগোপাল ভার্মা
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা বাংলা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে। খুব তাড়াতাড়ি শপথ নিয়ে সাংসদ পদে বসবেন তাঁরা। তার আগে পৌঁছেছিলেন সংসদে। সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা। আর সেই ছবি নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক।
শেষ আপডেট: 28 May 2019 18:10
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা বাংলা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে। খুব তাড়াতাড়ি শপথ নিয়ে সাংসদ পদে বসবেন তাঁরা। তার আগে পৌঁছেছিলেন সংসদে। সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা। আর সেই ছবি নিয়েই শুরু হয়েছে নানা বিতর্ক।
তাঁরা যাদবপুর ও বসিরহাটের বিজয়ী তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। অভিনয়ের পেশা থেকে রাজনীতিতে সদ্য পা দেওয়া বছর তিরিশের দুই হবু সাংসদ। সোমবার দেখা যায়, সাদা শার্ট ও নীল ডেনিমে ভিকট্রি সাইন করে পোজ় দিয়ে ছবি তুলেছেন মিমি। নুসরত গাঢ় মেরুন ফর্মাল পোশাকে ছিলেন। আলাদা আলাদা ছবির পাশাপাশি, একসঙ্গে দাঁড়িয়েও ছবি তোলেন তাঁরা। আর এর পরেই শুরু হয় নানা রকম ট্রোল।
কেউ বলেন, সংসদটা অভিনয় করার জায়গা নয়। কেউ আবার দাবি করেন, সংসদের মতো জায়গায় এরকম 'কুল' হাবভাব বেমানান। তবে জানা গিয়েছে, সংসদে সেই অর্থে কোনও ড্রেসকোড নেই। তাই পোশাক নিয়ে আপত্তির কোনও কারণ নেই। কিন্তু একে মহিলা, তাই অভিনেত্রী। ফলে তাঁরা যা-ই করুন না কেন, তাঁদের নিয়ে যে তথাকথিত সুশীল সমাজের সমস্যা থাকবেই, সে কথা জানিয়েও পাশে থেকেছেন অনেকে।
তাঁদেরই এক জন প্রিয়াঙ্কা চতুর্বেদী। এই রাজনীতিক কংগ্রেসের মুখপাত্র ছিলেন। মাস কয়েক আগে দলের ভিতরে গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেন তিনি। এর পরে ১৯ এপ্রিল দল ছেড়ে যোগ দেন শিবসেনায়। কিন্তু শিবসেনার মতো একটি কট্টোর সংরক্ষণশীল দলের সদস্য হয়েও, টুইটে মিমি ও নুসরতকে অভিনন্দন জানিয়েছেন তিনি। লিখেছেন, "মিমি এবং নুসরত, প্রথমেই সংসদে পা রাখার জন্য তোমাদের অভিনন্দন। এবং দ্বিতীয়ত, তোমাদের সাজপোশাকে যে সময় বদলের ছাপ ফুটে উঠেছে, এটা আমার খুব ভাল লেগেছে।"
দেখুন সেই টুইট।
https://twitter.com/priyankac19/status/1133351373129560064
তবে প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো আরও অনেকে অভিনন্দন জানালেও, মোটেই থামছে না কুৎসিৎ ট্রোল। সংসদের সামনে মিমি ও নুসরতের ছবিটি নিয়ে তো বটেই, অনেকেই টেনে এনেছেন তাঁদের পুরনো ছবি, পুরনো ভিডিও। সে সব পোস্ট করে ট্রোল করছেন দুই হবু সাংসদকে। প্রশ্ন তুলছেন যোগ্যতা নিয়ে।
এমনকী এই তালিকা থেকে বাদ পড়েননি বলিউড পরিচালক রামগোপাল ভার্মাও। তিনি মিমি ও নুসরতের পুরনো একটি ভিডিও-সহ টুইট করেন ব্যঙ্গাত্মক স্বরে। লেখেন, "ওয়াও ওয়াও ওয়াও! বাংলার দুই নতুন সাংসদ, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। ভারত সত্যিই এগিয়ে চলেছে। সাংসদদের এ ভাবে দেখতে পাওয়া চোখেরও আরাম।" সেই সঙ্গে তিনি মিমি ও নুসরতের একটি পুরনো টিকটক ভিডিও-ও পোস্ট করেন, যেখানে লাস্যময়ী পোজ়ে অঙ্গভঙ্গি করছেন এই দুই তারকা।