
শেষ আপডেট: 4 April 2023 08:23
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রিষড়া যেতে চেয়েও পারেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), জ্যোতির্ময় সিং মাহাতরা (Jyotirmoy Singh Mahato)। তাঁদের কোন্নগর ডিওলডি মোড়ে আটকে দিয়েছিল পুলিশ। তারপর টানা পাঁচ ঘণ্টা জিটি রোডের ধারে বসে থেকেও লাভ হয়নি। মঙ্গলবারও শ্রীরামপুরে যাওয়ার পথে দিল্লি রোডেই সুকান্ত জ্যোতির্ময়দের আটকে দিল পুলিশ (Police)।
এদিন দেখা যায়, দিল্লি রোডে ডানকুনি থানার জগন্নাথপুর মোড়ে বিজেপির নেতাদের থামায় পুলিশ। তারপর দীর্ঘক্ষণ তর্কাতর্কি চলে দু’পক্ষের। সুকান্তরা পুলিশকে বলেন, ‘১৪৪ ধারা জারি হলে ৫ জনের বেশি জড়ো হওয়া যায় না। আমি আর জ্যোতির্ময় যাব। আমরা দু’জনেই সাংসদ। আপনারা আটকাচ্ছেন কেন?’
জবাবে পুলিশ জানিয়ে দেয়, আইনশৃঙ্খলার কারণেই তাঁদের পক্ষে যেতে দেওয়া সম্ভব নয়। সুকান্তর অভিযোগ, ১৪৪ ধারার নামে আইন ভাঙছে পুলিশ।
এদিন শ্রীরামপুর বটতলায় সুকান্তদের ধর্নায় বসার কথা ছিল। সেইমতো কাক ভোরে মঞ্চও বেঁধে ফেলেছিল গেরুয়া শিবির। তারপর দেখা যায় সকাল সওয়া ন’টা নাগাদ সেই মঞ্চ খুলে দিয়েছে পুলিশ।
সোমবার রাতের অশান্তির পর এদিন গোটা শ্রীরামপুর ও রিষড়া পুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
দিল্লি রোডে সুকান্তদের আটকে দেওয়ার পর তাঁরা জানান, পরবর্তী পদক্ষেপ কী হবে তাঁরা কথা বলে ঠিক করবেন। বিকেলে রাজভবনেও যেতে পারেন তাঁরা। ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসও রিষড়ায় গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন।
দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘সলিড অ্যাকশন’ হবে, রাজনীতির দুর্বৃত্তায়নও বরদাস্ত নয়: রিষড়ায় রাজ্যপাল