
শেষ আপডেট: 12 December 2023 16:55
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের মানুষ আদৌ পরিষেবা পাচ্ছে কিনা, তা দেখতে মঙ্গলবার দুপুরে দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি না থাকায় বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের পথ আটকাল পুলিশ।
উত্তরকন্যা পৌঁছনের আগেই বিরোধী দলনেতার পথ আটকানো হয়। আগে থেকেই তৈরি করা হয়েছিল পুলিশি ব্যারিকেড। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় শুভেন্দুকে। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন, "যত ইচ্ছে দলদাসগিরি করে নেন। সব নজরে থাকছে। শীঘ্রই পালা বদল হবে। সেদিনের জন্য তৈরি থাকুন।"
বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে এক পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, “সম্মান দিয়ে কথা বলুন।” এরপরই উত্তেজনার পারদ আরও চড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের শীর্ষ কর্তারা। পুলিশের তরফে সাফ জানানো হয়, “বিনা অনুমতিতে এভাবে প্রবেশ করা যায় না।” বাধার মুখে পড়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিজেপি বিধায়কদের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দিতে শুরু করেন বিরোধী দলনেতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের বিচ্ছিন্নতার মনোভাব দূর করতে সেখানে প্রশাসনিক ভবন তৈরি করেছিলেন। তার নাম দিয়েছিলেন উত্তরকন্যা।
মঙ্গলবার উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই শুভেন্দু বলেন, “একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলেছিলেন, আপনাদের আর কলকাতায় যেতে হবে না। এখানে সব কাজ করে দিচ্ছি। আমরা দেখতে চাই, সেখানে আদৌ কোনও কাজ হয় কিনা।”
এরপরই শুভেন্দু ঘোষণা করেন, উত্তরবঙ্গের সমস্ত বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানে যাবেন। কিছুটা পথ যাওয়ার পরেই অবশ্য পুলিশের বাধা মুখে পড়েন শুভেন্দু। বাধার মুখে পড়ে বিরোধী দলনেতা বলেন, "সকলে নয়, আমাদের ২ জন বিধায়ক ভেতরে যাবেন। তাঁরা দেখে আসতে চান, উত্তরকন্যায় কী কাজ হয়।"
পুলিশের তরফে জানানো হয়, এভাবে বিনা অনুমতিতে প্রবেশ করা যায় না। আগে থেকে অনুমতি নিয়ে আসতে হয়।