
শেষ আপডেট: 7 July 2022 09:11
দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ প্লাস্টিক (Plastic Bag) রুখতে নাগরিকদের সাহায্য চাইল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। যেসব ব্যবসায়ীরা এখনও ৭৫ মাইক্রনের কম ঘনত্বের ব্যাগ তৈরি করছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চাইছে পর্ষদ।
ইতিমধ্যেই ওই ঘনত্বের প্লাস্টিকের ব্যাগ সারা দেশে নিষিদ্ধ। সে বিষয়েই তথ্য পাঠাতে হবে পর্ষদের ১৮০০–৩৪৫–৩৩৯০ এই টোল–ফ্রি নম্বরে। এছাড়াও ‘পরিবেশ’ অ্যাপের মাধ্যমেও (Plastic Bag) তথ্য পাঠানো যাবে। তথ্যদাতাকে নিজের পরিচয় না দিলেও চলবে।
চলতি মাসের ১ তারিখ থেকেই এবিষয়ে প্রচার শুরু করেছে পর্ষদ। যেসব কারখানায় এখনও ৭৫ মাইক্রনের প্লাস্টিক ব্যাগ তৈরি হচ্ছে, সেখানকার সঠিক ঠিকানা দিতে হবে। রয়েছে একটি মন্তব্য বিভাগও, সেখানে বিষয়টিতে কিছুটা লিখতে পারবেন তথ্যদাতা।
পর্ষদের চেয়ারপার্সন কল্যাণ রুদ্র জানিয়েছেন, পর্ষদ চায় লোকজন ৭৫ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিকের জিনিস তৈরি করে এমন কোনও প্রস্তুতকারক সম্পর্কে অবহিত করুক। এজন্য তথ্যদাতাদের ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতারা চাইলে নিজের পরিচয় গোপন রাখতে পারবে।
উল্লেখ্য, ১ জুলাই থেকেই রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিকের কাঠি–সহ ইয়ারবাড, বেলুনের জন্য প্লাস্টিকের লাঠি, প্লাস্টিকের পতাকা, ক্যান্ডি স্টিক, আইসক্রিম স্টিক ইত্যাদি।
মমতার বড় ঘোষণা, ৩০ হাজার চাকরি রেডি, কারা পাবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী