
শেষ আপডেট: 13 April 2023 11:43
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট (Panchayet Election) যে মে-জুন মাসে হতে পারে তার ইঙ্গিত অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছিল। এবার সেই সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে গেল। পঞ্চায়েত ভোটের আগে সার্বিক ভাবে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১৮ তারিখ জেলাশাসকদের বৈঠকে ডাকল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)।
বুধবার রাজ্য নির্বাচন কমিশন সমস্ত জেলা পঞ্চায়েত অফিসার ও জেলাশাসকদের একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হতে পারবে সে ব্যাপারে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। প্রশাসনিক সূত্রে বলা হচ্ছিল, ওই বিজ্ঞপ্তিকেই পঞ্চায়েত নির্বাচনের প্রথম বিজ্ঞপ্তি হিসাবে ধরে নেওয়া যেতে পারে। এর অর্থ হল, রাজ্য সচিবালয় থেকে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবারের পর বৃহস্পতিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ১৮ এপ্রিল জেলা শাসকদে নিয়ে বৈঠক হবে।
পঞ্চায়েত ভোট নিয়ে সরকার শাসক দলের মধ্যে প্রস্তুতিও দেখা যাচ্ছে। বিবিধ সরকারি প্রকল্পে যাদের বকেয়া পাওনা রয়েছে তা ২০ এপ্রিলের মধ্যে মিটিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পর ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ মিটিং ডেকেছেন। সেই সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
ফলে মনে করা হচ্ছে, এপ্রিলের শেষ দিকেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। মে মাসের শেষে বা জুন মাসের গোড়ায় ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ হবে।
রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান কমিশনার হলেন সৌরভ দাস। এর আগে পঞ্চায়েত দফতরের সচিব ছিলেন তিনি। অবসরের পরে তাঁকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়। সৌরভ দাসের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। নিয়ম অনুযায়ী, তার পরেও তিন মাস ওই পদের দায়িত্ব সামলাতে পারেন কমিশনার। এই সময়ের মধ্যেই, অর্থাৎ, হতে পারে জুন মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে কমিশন।
বালুরঘাটের দণ্ডি-কাণ্ডে শেষমেশ গ্রেফতার ২ তৃণমূল নেতা, মহিলা সভানেত্রীকে সরানো হয়েছে আগেই