দ্য ওয়াল ব্যুরো: ছেলের প্রেমিকার উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায়। এ হেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা অভিযোগের ভিত্তিতেই এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা তাঁর বাড়ির কাছেই একটি মন্দিরের খোলা বারান্দায় বসেছিলেন। আচমকাই তাঁর উপর অ্যাসিড হামলা হয়। নির্যাতিতার অভিযোগ এক মহিলা তাঁর দিকে অ্যাসিড ছুড়ে মারেন। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। তাঁর আর্তনাদে জড়ো হয়ে যান স্থানীয়রা। অ্যাসিড আক্রান্ত তরুণীকে উদ্ধার করে জয়নগরের একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। প্রাথমিক ভাবে ওই হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর মধ্যে স্থানীয়দেরই কেউ খবর দেন পুলিশে। ঘটনার তদন্তে নামে পুলিশ। তারা জানিয়েছেন যে নির্যাতিতা তাদের জানান গৌরী নস্কর নামের এক মহিলার তাঁর উপর অ্যাসিড ছুড়েছিলেন। পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত গৌরী নস্করের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এই তরুণীর। প্রায় ১২ বছরের সম্পর্ক তাঁদের। কিছুদিন বেশ কিছুদিন ধরেই নানা কারণে তাঁদের ঝামেলা হচ্ছিল। কয়েকবার তুমুল ঝগড়া-অশান্তিও হয়েছে দু'জনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, ছেলের প্রেমিকাকে কোনওদিনই পছন্দ করতেন না গৌরীদেবী। কিন্তু তা বলে তিনি যে তরুণীর উপর সটান অ্যাসিড হামলা করবেন এমনটা ভাবেননি কেউই। এই ঘটনায় স্তম্ভিত পুলিশও।
ইতিমধ্যেই মূল অভিযুক্ত গৌরী নস্কর, তাঁর স্বামী বিশ্বনাথ এবং ছেলে বাসুদেবকে গ্রেফতার করেছে পুলিশ। জয়নর থানায় তাদের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।