দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে মাছ ধরতে গিয়ে গভীর জলে তলিয়ে গেল দুই শিশু। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করে স্থানীয় মৎস্যজীবীরা জাল ফেলে উদ্ধার করেন ওই দুই মৃত শিশুর দেহ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালপোখর থানার সাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেন্ডাবাড়ি গ্রামে তারা জনা চারেক বন্ধু মিলে শুক্রবার মাছ ধরতে গিয়েছিল। সেখানে তারা চার জনেই গভীর জলে পড়ে যায়। দু’জন তলিয়ে যেতে যেতে অল্পের জন্য রক্ষা পেয়ে উঠে আসে তবে জলের গভীরে অন্য দুই শিশু তলিয়ে যায়। তাদের নাম মহম্মদ আশফাক ও মহম্মদ নাহিদ। আশফাকের বয়স সাত বছর এবং নাহিদের বয়স আট বছর।
গত দুদিন ধরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাস্তা ও কালভার্ট পর্যন্ত ভেসে গেছে। এই অবস্থায় ওই চার শিশু একটি ডোবায় মাছ ধরতে গিয়েছিল। প্রবল বৃষ্টিতে সর্বত্র জল জমে থাকায় ডোবার কোন জায়গা গভীর ও কোথায় গর্ত রয়েছে তা বুঝতে পারেনি শিশুরা। টাল সামলাতে না পেরে দু’জন সেখানে ডুবে যায়। অন্য দু’জন টাল সামলে উঠে আসে।
সকাল ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। তলিয়ে যাওয়ার খবর পেয়েই স্থানীয় মৎস্যজীবীরা জাল ফেলে তাদের উদ্ধার করার চেষ্টা করতে থাকেন। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালাবার পরে তাঁদের জালেই উঠে আসে ওই দুই শিশুর দেহ। উদ্ধার করার পরে ওই দুই শিশুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।