দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে আদিবাসী এলাকায় থাকা তরুণ ফুটবলারদের পুষ্টির অভাব মেটাতে যৌথ ভাবে এগিয়ে এল তিনটি সংস্থা। তাঁরা এদিন বারোটি প্রশিক্ষণ কেন্দ্রের ১৮০ জন ফুটবলারের হাতে সুষম খাদ্য তুলে দেওয়া হয়।
দুর্গাপুরের বারোটি প্রশিক্ষণ কেন্দ্রের অধিকাংশ ছাত্রছাত্রীই আদিবাসী শ্রেণীভুক্ত। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশিক্ষকের অধীনে জরুরি প্রশিক্ষণ তাঁরা নিয়ে চলেছেন নিয়মিত ভাবে। দীর্ঘদিন শরীরচর্চা না করলে তাঁরা বড় সমস্যায় পড়ে যাবেন। এই অবস্থায় এখন তাঁদের সবচেয়ে বড় সমস্যা হল সুষম আহার। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সুষম আহারের অভাব মিটিয়ে দিতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান – দুর্গাপুর এক্স-ফুটবলারস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং হেলথ ওয়ার্লড হসপিটাল ও দুর্গাপুর আওয়ার ড্রিম সিটি নামে একটি ফেসবুক গ্রুপের সহযোগিতায় দুর্গাপুরের ১২টি ফুটবল কোচিং ক্যাম্পের প্রায় ১৮০ জন ক্ষুদে ও তরুণ ফুটবল খেলোয়াড়ের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
দুর্গাপুর এক্স-ফুটবলারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা কাউন্সিলর রাজীব ঘোষ, হেলথ ওয়ার্লড হসপিটালের চেয়ারম্যান তথা চিকিৎসক অরুণাংশু গঙ্গোপাধ্যায় এবং দুর্গাপুর আওয়ার ড্রিম সিটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় কমলপুর ফুটবল ময়দানে মঙ্গলবার সকাল ন’টা থেকে দশটা পর্যন্ত, দয়ানন্দ কালচারাল ক্লাবের মাঠে তার পর থেকে বেলা ১২টা পর্যন্ত এবং ফার্টিলাইজার কমিউনিটি সেন্টার মাঠে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এগুলি দেওয়া হয়।