দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্কে পিছিয়ে গেল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। আগামী ২১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পিএসসি-র লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে আপাতত স্থগিত রাখা হয়েছে এইসব পরীক্ষা।
ইতিমধ্যেই কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন। ভারতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২২৩ জন। তাঁদের মধ্যে রয়েছেন ৩২ জন বিদেশি নাগরিক। কোভিড ১৯-এর কোপে ভারতে মৃত্যু হয়েছে পাঁচজনের। এঁদের মধ্যেও রয়েছেন একজন ইতালীয় পর্যটক।
এর আগে রাজ্যের সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাংলার সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। উচ্চমাধ্যমিক চালু থাকলেও পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সারা দেশেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই আইসিএসই, সিবিএসই বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ইউজিসি এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা আপাতত বাতিল করা হয়েছে।
তবে কবে আবার পরীক্ষা হবে সে ব্যাপারে অবশ্য কিছু জানায়নি পিএসসি কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরেই নতুন পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন রাজ্যে বন্ধ রয়েছে সিনেমা হল-শপিং মল-সুইমিং পুল-জিম-অডিটোরিয়াম ও অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান। সারা দেশে এই নোভেল করোনাভাইরাস মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ হাজার মানুষের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। এখানে মৃত্যু হয়েছে ৩৪০৫ জনের।