দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে শুক্রবার। শনিবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে পজিটিভ। তারপরই খিলা গ্রামের ২৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেইসঙ্গে গোটা গ্রাম সিল করে দেওয়া হয়েছে।
খিলা গ্রামের এক হাতুড়ে ডাক্তার দিন কুড়ি আগে কোমরে আঘাত পান। এরপর তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে পিয়ারলেস হাসপাতালে। কিন্তু করোনা সংক্রমণের কারণে সম্প্রতি বন্ধ করে দেওয়া হয় ওই বেসরকারি হাসপাতালটি। তারপর এই ব্যক্তিকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে।
পিয়ারলেস থেকে ফেরায় আলাদা জায়গায় রেখেই পিপিই পোশাক পরে তাঁর চিকিৎসা করছিলেন উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্সরা। কিন্তু কয়েকদিন আগেই তাঁর জ্বর-সর্দির মতো করোনা উপসর্গ দেখা যায়। লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। কিন্তু রিপোর্ট আসার আগেই শুক্রবার তাঁর মৃত্যু হয়।
উদয়নারায়নপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ ভট্টাচার্য বলেন, "ওই ব্যক্তি পিয়ারলেস হাসপাতাল থেকে আসায় তাঁকে আলাদা জায়গায় রেখে এবং সমস্ত প্রটোকল মেনে চিকিৎসা চলছিল। তবুও যেহেতু তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে, সেই কারণে খিলা অঞ্চলের ২৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।" তিনি আরও বলেন, "ওই ব্যাক্তির সংস্পর্শে আসা ৫ জন চিকিৎসক, ৬ জন নার্স, সাফাইকর্মী ও আয়া-সহ ৩ জনকে হাসপাতালের কোয়ার্টারে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"
অন্যদিকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের এক গ্রুপ ডি কর্মীর শরীরে কোভিড সংক্রমণ মিলেছে বলে জানা গিয়েছে। তিনি উলুবেড়িয়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কয়েকদিন ধরেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। টেস্টের পর রিপোর্ট এসেছে পজিটিভ।