দ্য ওয়াল ব্যুরো: হুগলির চণ্ডীতলা থানার গরলগাছায় টাকা নিয়ে বচসার জেরে খুন হতে হল এক যৌনকর্মীকে। এই ঘটনায় হাওড়ার আনন্দনগরের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি তার দোষ স্বীকার করে নিয়েছে। তাকে শনিবার আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, হাওড়া আনন্দনগরের পশ্চিম শান্তিনগরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের দীপঙ্কর বিশ্বাস ও তাঁর দাদা সম্প্রতি হুগলির চণ্ডীতলা থানা এলাকার গরলগাছার বেরেপাড়ায় একটি বাড়ি কেনেন। সেই বাড়িটি মূলত ফাঁকাই পড়ে থাকে। মাঝেমধ্যে তাঁরা এসে দেখভাল করে যান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উল্টোডাঙা থেকে ভ্রাম্যমাণ এক যৌনকর্মীকে ওই বাড়িতে নিয়ে আসেন দীপঙ্কর। অভিযুক্ত দীপঙ্করের বয়ান অনুযায়ী, প্রথমে তিন হাজার টাকায় রফা হলেও পরে পাঁচ হাজার টাকা দাবি করেন ওই যৌনকর্মী। এই নিয়ে তাঁদের দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পরে ওই যৌনকর্মী হুমকি দেন, পুরো পাঁচ হাজার টাকা না দিলে চিৎকার করে তিনি লোক জড়ো করবেন। তখন কাটারি দিয়ে ওই যৌনকর্মীর মাথায় আঘাত করে অভিযুক্ত। তীব্র আঘাতে লুটিয়ে পড়েন তিনি।
কী করবেন না করবেন বুঝে উঠতে না পেরে ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করে তখনকার মতো বাড়ি থেকে পালিয়ে যান দীপঙ্কর। বেশ কিছুক্ষণ পরে আবার তিনি ফিরে আসেন। তবে দরজা খুলে না ঢুকে ঘরের চাল খুলে ভিতরে ঢোকেন। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে ওই যৌনকর্মীর।
বাইরে থেকে দরজায় তালা বন্ধ অথচ ঘরের ভিতরে আলো জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তখন তাঁরা ওই বাড়িতে খোঁজ নিতে যান। গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। লোক জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়ে দেয়। অভিযুক্ত দীপঙ্কর বিশ্বাসকে শুক্রবার পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন ধৃত দীপঙ্কর বিশ্বাস।