দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কিছুতেই দামে লাগাম পড়ানো যাচ্ছে না পেঁয়াজের। ঝাঁজে নয় পেঁয়াজের দামে চোখে জল আসছে ক্রেতাদের। তাই এবার সহায়ক মূল্য পেঁয়াজ দেওয়ার দাবি জানাচ্ছেন ভাতার ব্লকের মানুষজন।
ভাতার কৃষক বাজারে কিছুদিন আগেও পেঁয়াজের দাম ছিল কিলোপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা। বর্তমানে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৫ থেকে ৭০ টাকা। ব্যবসায়ীদের শঙ্কা নতুন পেঁয়াজ বাজারে আসতে দেরি হলেও পেঁয়াজের দাম আরও বাড়বে। লাগাতার আলু, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্তের। কারণ আলু পেঁয়াজ ছাড়া বাঙালির হেঁসেল অচল।
ভাতার কৃষক বাজারে সহায়ক মূল্যে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেই আলু কিনতে হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সময়মতো বাজার করে বাড়ি ফিরতে পারছেন না ক্রেতারা। এদিকে খোলা বাজারে আলুর দাম ৪০ থেকে ৪৫ টাকা, পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা। রায়নার বাসিন্দা অমল দে বলেন, ‘‘বাজারে অন্যান্য সবজির দাম মোটামুটি আয়ত্তের মধ্যে। কিন্তু নতুন আলু না উঠলে আলুর দাম কমার কোনও আশ্বাস দিতে পারছেন না ব্যবসায়ীরা।’’ আরেক বাসিন্দা আবুল কালাম বলেন, ‘‘সরকার আলুর মতো পেঁয়াজেও ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করুক।’’
আলু, পেঁয়াজের দাম বেশি হলেও তুলনায় ভাতার কৃষক বাজারে অন্যান্য সব্জির দাম বেশ কম। সব্জির দামের থেকে ফলের দাম অনেকটাই কম বলে জানাচ্ছেন ক্রেতারা। বছরের অন্যান্য সময়ের থেকে আপেলের দাম কম হওয়ায় আপেল কিনে বাড়ি ফিরছেন অনেকেই।