দ্য ওয়াল ব্যুরো: দিঘা, মন্দারমনি তথা পূর্ব মেদিনীপুরের পর্যটনকেন্দ্রগুলির মতো এবার কোভিডের কড়া বিধিনিষেধ জারি হল দার্জিলিংয়েও। পাহাড়ি কয়েকটি জেলায় এখন কোভিড সংক্রমণের হার বেশি। তার মধ্যে দার্জিলিংও রয়েছে। তাই সংক্রমণের রাশ নিয়ন্ত্রণ করতে নতুন গাইডলাইন জারি করেছে দার্জিলিং জেলা প্রশাসন।
মঙ্গলবার জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সিকিম থেকে যাঁরা দার্জিলিংয়ে ঢুকবেন তাঁদের বাধ্যতামূলকভাবে কোভিড টেস্টের রিপোর্ট দেখাতে হবে। গাড়ির ড্রাইভার থেকে যাত্রী, সকলেই মানতে হবে এই নিয়ম। সিকিম থেকে দার্জিলিংয়ে আসা পর্যটকদের ক্ষেত্রে জারি থাকবে এই নিয়ম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দার্জিলিংয়ে ঢুকতে হলে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এই টেস্ট রিপোর্ট যেন ৭২ ঘণ্টার বেশি না হয়। অথবা ৪৮ ঘণ্টার মধ্যে করানো র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার (র্যাট) রিপোর্টও সঙ্গে রাখতে হবে। তা না হলে কোভিড টিকার দুটি ডোজ নেওয়া থাকতে হবে। এই গাইডলাইন না মানলে পর্যটন কেন্দ্রের কোনও হোটেল বা কটেজে ঢোকা যাবে না।
রাজ্যে কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও বিধিনিষেধের রাশ আলগা করতে চায় না সরকার। বস্তুত, লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পরেই পর্যটনকেন্দ্রগুলিতে বাঁধভাঙা উল্লাস স্বাস্থ্য দফতরকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। আর রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির মধ্যে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার হিড়িকও বেশি। এদিকে দার্জিলিংয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির চেয়ে বেশি। এদিনও নতুন আক্রান্তের সংখ্যা ৭৯। তাই অনেক বেশি সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। প্রশাসনের যুক্তি, কোনও কোভিড আক্রান্ত যদি দার্জিলিংয়ে চলে আসেন তা হলে খুব কম সময়ে বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। তাই গাইডলাইন মেনেই পর্যটকদের ঢোকার অনুমতি দেওয়া হবে।