শেষ আপডেট: 17 June 2019 06:39
তবে এ ব্যাপারে জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে বিবৃতি দেওয়ার খানিকক্ষণের মধ্যেই তাঁদের কাছে চিঠি পাঠাল নবান্ন। জানা গিয়েছে, অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ের ঘরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই চিঠি। খুব তাড়াতাড়ি তা তুলে দেওয়া হবে আন্দোলনকারীদের হাতে। এই আমন্ত্রণপত্রে বলা হয়েছে দুপুর আড়াইটের মধ্যে নবান্নে পৌঁছতে হবে ডাক্তারদের প্রতিনিধি দলকে। রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে ২ জন করে প্রতিনিধি, অর্থাৎ মোট ২৮ জন প্রতিনিধি যেতে পারবেন ডাক্তাররা।
তবে ডাক্তাররা যে ভাবে মিডিয়ার সামনে মিটিং করার দাবি জানিয়েছিলেন তা মানতে রাজি নয় নবান্ন। আন্দোলনকারীদের বক্তব্য ছিল, যে হেতু এই অচলাবস্থার সবথেকে বড় শিকার হলেন সাধারণ মানুষ, তাই সংবাদমাধ্যমের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হোক। যাতে কী আলোচনা হচ্ছে তা সাধারণ মানুষ জানতে পারেন। কোনও লুকোচুরি না হয়।
তবে নবান্ন জানিয়েছে, গোটা আলোচনা রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার পর তা প্রকাশ করা হবে।
নবান্নের এক কর্তার মতে, ডাক্তাররা যে দাবি জানিয়েছেন তা এক প্রকার মিডিয়া ট্রায়ালের মতো। কোনও সরকার এই দাবি মানতে পারে না। এটা অনায্য। তবে আলোচনা নিয়ে স্বচ্ছতায় কোনও ফাঁক রাখবে না সরকার।