দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস থাবা বসিয়েছে ভারতে। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশে ৩১। আতঙ্ক ছড়িয়েছে বাংলাতেও। আর তাই বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের অধিকর্তাদের সঙ্গে বৈঠক করার পরে সাংবাদিক সম্মেলনে বাংলার সামগ্রীর অবস্থার ছবিটা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে করোনা আক্রমণ রুখতে সরকার কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কী নিতে চলেছে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেন মুখ্যমন্ত্রী। করোনা প্রতিরক্ষায় মাস্কের প্রসঙ্গ উঠলে মমতা বলেন, মাস্ক নিয়ে কালোবাজারি বরদাস্ত করবে না সরকার। কেউ তা করলে সব বাজেয়াপ্ত করে সরকার এই মাস্ক বিলি করবে।
এদিন নবান্নে সাংবাদিকদের সামনে প্রথম করোনা নিয়ে রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরার পরে সরকারের ভূমিকার ব্যাপারে কথা বলছিলেন মমতা। তিনি বলেন, শুধুমাত্র সরকারের হাতে সবটা নেই, মানুষকে নিজেদেরও সতর্ক থাকতে হবে। প্রয়োজন পড়লে মাস্ক ব্যবহার করতে হবে। স্যানিটাইজারে হাত ধুতে হবে।
মমতা যখন একথা বলছেন, তখন সাংবাদিকদের তরফে জানানো হয়, এই মাস্ক খুবই কম পাওয়া যাচ্ছে দোকানে। সেইসঙ্গে অনলাইনে এই এন ৯৫ মাস্ক কিনতে গেলে প্রচুর দাম নিচ্ছে। ফলে সবার পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। তখনই হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, "করোনার আক্রমণ রুখতে এই মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মাস্ক নিয়ে ব্যবসা করা যাবে না। আমিও শুনেছি মাস্কের জোগান কম। কোনও জায়গায় দাম বেশি নিচ্ছে। কিন্তু আমি বলতে চাই, যদি কেউ এই মাস্ক নিয়ে কালোবাজারি করে তাহলে সরকার সব বাজেয়াপ্ত করে নেবে। তারপর সরকারই তা বিলি করবে।"
তারপরেই অবশ্য এই মাস্কের বিকল্প ব্যবহারের কথাও বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "শুধুমাত্র মাস্ক কেন, আগেকার দিনে মা-কাকিমারা শাড়ির আঁচল দিয়ে নাক-মুখ ঢাকতেন। সেভাবেও প্রতিরক্ষা করা যায়। পুরনো জিনিস ভুলে গেলে চলবে নে। ওল্ড ইজ গোল্ড।"
করোনা ভাইরাসের প্রতিরক্ষায় সরকার এই মাস্ক সরবরাহ করতে পারে বলেও জানিয়েছেন মমতা। কিন্তু তার আগে সেই মাস্ক কতটা কার্যকরী সেটা দেখার কথা জানিয়েছেন তিনি। মমতা বলেন, "আমরা মাস্ক কিনতেই পারি। কিন্তু আগে দেখতে হবে সেগুলোতে কতটা কাজ হয়। একগাদা মাস্ক কিনে নিলেই তো হল না। আগে সবটা দেখে তারপর সরকার ব্যবস্থা নেবে।"
এই সময় সব দলকে একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এটা জাতীয় বিপর্যয়। এই সময় ভেদাভেদ করলে চলবে না। সবাইকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। আমি আশা করব সবাইকে পাশে পাব।"