দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে বাঁকুড়ায় গিয়ে বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী বছর থেকে বিরসা মুণ্ডার জন্মদিনে রাজ্যে ছুটি থাকবে।
অমিত শাহ যে মূর্তিতে মালা দিয়েছিলেন তা আদৌ বিরসা মুণ্ডার কিনা কেউ কেউ প্রশ্ন তুলেছিল। এদিন বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানকার মানুষ বলছে ওটা বিরসা মুণ্ডার মূর্তি নয়। ওটা শিকারির মূর্তি। সে যাক, শিকারিকেও আমরা সম্মান করি”। এর পরই বিরসা মুণ্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গুরু নানকের জন্মদিনে ছুটি হয়, ইদের ছুটি হয়, করণ পুজোর ছুটি হয়, দুর্গা পুজোর ছুটি হয়, এ বার বিরসা মুণ্ডার জন্মদিনেও ছুটি থাকবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, “প্রতিযোগিতামূলক রাজনীতি চলছে। অমিত শাহ মূর্তিতে মালা দিয়েছেন বলে ছুটি। অমিত শাহ কারও বাড়ি গেলে চাকরি। আগামী বছর বিরসা মুণ্ডার জন্মদিন পর্যন্ত ওনার সরকার থাকবে তো!”
বাঁকুড়ায় দলের কর্মিসভা করতে গিয়ে স্থানীয় এক জনজাতি পরিবারে মধ্যাহ্নভোজ করেছিলেন অমিত শাহ। এদিন তা নিয়েও মুখ্যমন্ত্রী নাম না করে কটাক্ষ করেন। তিনি বলেন, “দেখলাম বাইরে বসে ধনে পাতা কুটছে, বাঁধাকপি কাটা হচ্ছে, অথচ দেখলাম খাচ্ছেন বাসমতি চালের ভাত আর পোস্তর বড়া”।
এদিন খাতড়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্থানীয় একটি গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ওদের জিজ্ঞেস করেছি ২ টাকা কেজি চাল পান। ওরা বলল পাই। আমি বললাম, স্বাস্থ্য সাথী কার্ড পান? বলল পাই। শুধু বলল দিদি বাড়ি চাই। আমি জেলা শাসকদের বলেছি, যাদের মাটির ঘর, খড়ের বাড়ি তাদের ওই প্রকল্পে অগ্রাধিকার দিতে হবে।”