দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ল বাংলার মহিলা ক্রিকেট দলের নির্বাচকদের গাড়ি। রবিবার সকালে বর্ধমানের পালসিটের কাছে এই দুর্ঘটনা ঘটে। জখম হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক পূর্ণিমা চৌধুরী, শ্যামা সাউ ও চন্দনা মুখোপাধ্যায়। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। জখম হয়েছেন তাঁদের গাড়ির চালকও।
এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করেছেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। তাঁর উদ্যোগেই পালসিট ক্যাম্পের পুলিশ আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে ভরতি করে বলে জানা গিয়েছে। একাধিকবার লক্ষ্মীরতন আহতদের খোঁজ নিয়েছেন বলেও জানা গিয়েছে। এ প্রসঙ্গে লক্ষ্মী বলেন, “সকালবেলায় আমি খবরটা পাই। বাংলা দলের কোচ আমাকে ফোনে খবরটা জানান। তারপর আমি যতটা সম্ভব আমার মতো ব্যবস্থা করেছি।”
আপাতত তিন নির্বাচক ও গাড়ির চালকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কলকাতা থেকে মহিলা ক্রিকেটার নির্বাচনের জন্য বীরভূম যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পালসিটের কাছে একটি দশচাকার লরি ধাক্কা মারে গাড়িটিতে। সামনের অংশ দুমড়ে যায়।