
শেষ আপডেট: 11 August 2019 12:14
৭ অগস্ট স্বাস্থ্যভবনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যভবনের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ডেঙ্গি প্রতিরোধে উত্তর ২৪ পরগণার হাবড়া ১, হাবড়া ২, গাইঘাটা ও ব্যারাকপুর ২ অঞ্চলের জন্য আগামী তিন মাসে ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা মূলত, এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো, জঙ্গল সাফ করা, মশা মারার স্প্রে দেওয়া, রোগীদের চিকিৎসা প্রভৃতি খাতে খরচ করা হবে।
এ ছাড়াও এই কাজে ৪৫০ কর্মী নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন। এই কর্মীরা ওই এলাকায় গিয়ে চিকিৎসার কাজে সাহায্য করবেন। স্থানীয় হাসপাতালের ডাক্তার ও নার্সদের উপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে স্বাস্থ্যভবন। উত্তর ২৪ পরগণা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে প্রশাসনের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, "হাবড়া, গাইঘাটা, অশোকনগর, ব্যারাকপুর ও বারাসাত এই পাঁচ জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। হাবড়া ও অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের চাপ সামলানোর জন্য অন্য হাসপাতাল থেকে ভাইরোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ ও নার্স পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকেও বিশেষজ্ঞদের হাবড়া যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। এখনও পর্যন্ত ডেঙ্গিতে সরকারিভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা যাতে আর না বাড়ে, সে ব্যাপারে তৎপর প্রশাসন।"