দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার ইছাপুরের উচ্চমাধ্যমিক ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য কমিশন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বেলঘড়িয়ার মিডল্যান্ড হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। এছাড়া জেলা স্বাস্থ্য আধিকারিককে এই ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন।
গত ১০ জুলাই মৃত্যু হয় শুভ্রজিতের। তারপরেই চিকিৎসায় গাফিলতি ও ময়নাতদন্তের দাবি নিয়ে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। তরুণের ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া স্বাস্থ্য কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনেও লিখিত অভিযোগ দায়ের করেন শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় ও বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার স্বাস্থ্য কমিশনে মামলা ওঠে। সেখানেই বেলঘড়িয়ার বেসরকারি হাসপাতালকে এই নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন।
কী ঘটেছিল শুভ্রজিতের সঙ্গে?
একটি নয়, দু’টি নয়, তিন-তিনটি সরকারি-বেসরকারি হাসপাতাল সেদিন ফিরিয়ে দিয়েছিল শ্বাসকষ্টে ছটফট করতে থাকা ১৮ বছরের সদ্যতরুণকে। একমাত্র সন্তান যাতে চিকিৎসাটুকু পায়, সে জন্য শেষে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এসে আত্মহত্যা করার হুমকি দেন বাবা-মা। চাপের মুখে ভর্তি হলেও, প্রাণে বাঁচেনি ইছাপুরের ছেলেটি। তারপরেই খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের মা শ্রাবণী চট্টোপাধ্যায়। রবিবার বেলঘড়িয়া থানায় লিখিত এফআইআর করে মা দাবি করেছেন, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাঁর ছেলেকে।
শুক্রবার শুভ্রজিতের মৃত্যুর পরে তাঁর দেহ বাড়ির লোককে দিতে দেরি করে মেডিক্যাল কলেজ। তার কারণ হিসেবে মেডিক্যাল কলেজ বলে, শুভ্রজিৎ করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছে। তাই কোভিড টেস্টের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পরই তাঁর সৎকার হবে।
এদিকে শুভ্রজিতের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে ১৪ জুলাই মেডিক্যাল কলেজকে তার দেহের ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, পোস্টমর্টেম করতে হবে শুভ্রজিতের দেহের। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য এটা জরুরি বলে মনে করে আদালত। ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করতে হবে বলেও আদালত নির্দেশ দেয়। আদালত আরও বলে, ময়নাতদন্তের পরে আইসিএমআর-এর কোভিড গাইডলাইন অনুযায়ী শুভ্রজিতের শেষকৃত্য সম্পন্ন হবে।
এই ঘটনার পরে স্বাস্থ্য কমিশনেও অভিযোগ করে শুভ্রজিতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই বেলঘড়িয়ার হাসপাতালকে জরিমানার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন।