দ্য ওয়াল ব্যুরো: আগুনে পুড়ে গেল বহরমপুরের রানিবাগান এলাকায় একটি আবাসনের দ্বিতীয় তলের গুদাম। সোমবার বিকেল তিনটে নাগাদ এলাকার লোকজন প্রথম আগুন লক্ষ্য করেন। তখনই তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাটি জনবহুল। তাই আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে আবাসন খালি করতে শুরু করে দেয়। এলাকা সূত্রে জানা গেছে ওই আবাসনে ৪০ জন বাসিন্দা থাকেন। তাঁদের অনেকে আগুন লেগেছে দেখেই আবাসন থেকে বেরিয়ে পড়েন। আবাসনটির একতলায় দোকান আছে। দোকানগুলি সবই বন্ধ ছিল।
https://www.facebook.com/TheWallNews/videos/673704179846410/
দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও তিনটি ইঞ্জিন আসে। মোট চারটি ইঞ্জিনের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আবাসনটি ছ’তলা। তার দোতলায় আগুন লাগে। সেখানে চিমনি বিপণনকারী একটি সংস্থার গুদাম। তার পাশেই কসমেটিক্সের গুদাম। দমকলের প্রাথমিক ধারনা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। চিমনি সংস্থার গুদামে কেউ হয়তো পাখা অথবা এয়ার কন্ডিশনিং যন্ত্র চালিয়ে তা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ নিরন্তর চলার ফলে সেটি গরম হয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলেও মনে করা হচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে ওই বহুতল আবাসনে কোনও রকম অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। সেই কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল।