
শেষ আপডেট: 27 April 2019 12:37
শনিবার বারাসত কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাসের সমর্থনে একটি প্রচার ট্যাবলো উদ্বোধন করেন সিপিএমের এই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য। ছেলে সপ্তর্ষি দেব সঙ্গে করে নিয়ে যান তাঁকে। ওয়াকার নিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ বক্তৃতাও করেন। উপস্থিত বামকর্মীদের মতে, “গৌতমদার মেজাজ কিন্তু বদলায়নি।”
গৌতম-পুত্র সপ্তর্ষি দ্য ওয়াল-কে বলেন, “বাড়ির কাছে বলেই নিয়ে গিয়েছিলাম। কিন্তু আর কোথাও যাবেন না উনি।” অনেক বাম নেতারাই মনে করেন, ২০১১ সালে প্রচারের ওই ভূমিকা যদি গৌতম দেব না নিতেন, তাহলে অনেক বাম কর্মীকেই গণনা কেন্দ্রে পাঠানো যেত না। কার্যত অক্সিজেনের সিলিন্ডার নিয়ে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে চোখা চোখা আক্রমণ।
চোদ্দর লোকসভা এবং ষোলর বিধানসভাতেও গৌতম দেব বহু সভা করেছিলেন। একটা সময় এমন হয়েছিল, জেলা থেকে বক্তার জন্য ফোন এলেই আলিমুদ্দিনের অফিস ঘর থেকে বলে দেওয়া হত, “গৌতম দেবকে চাহিয়া আমাদের লজ্জা দেবেন না।” কিন্তু সেই হিট বক্তাই কার্যত অথর্ব। উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএমের তরফে বেশ কিছু ভিডিও বার্তা রেকর্ড করে বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে। তবু প্রথমবার লোকসভায় ময়দানে নামলেন গৌতম। হাতে ওয়াকার নিয়ে।