দ্য ওয়াল ব্যুরো: অকারণে বন্দিকে মারধর করেছেন জেলকর্মীরা, এই অভিযোগ তুলে বন্দি ও জেলকর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশকর্মী আনাতে হয়েছে। এই ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
সোমবার বিকেলে এক বন্দিকে জেলকর্মীরা মারধর করেন বলে অভিযোগ। এরপরেই জেলকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বন্দিদের। বন্দিরা সংখ্যায় বেশি থাকায় তাঁদের হাতেই জেলকর্মীরা বেশি মারধর খেয়েছেন বলে খবর। যদিও পরে অতিরিক্ত পুলিশকর্মী পাঠিয়ে করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
বন্দিদের অভিযোগ, দীর্ঘদীন ধরে টাকার বিনিময়ে দুর্নীতি করছেন জেলকর্মীরা। আদালত নির্দেশ দিলেও জেলকর্মীদের ঘুষ না দিলে প্যারোলে মুক্তি পাওয়া যাচ্ছে না। সম্প্রতি এক বন্দির বাবার মৃত্যু হলেও তাঁকে প্যারোলে ছাড়া হয়নি জেল থেকে। অথচ সেখানে পার্ক স্ট্রিট গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত নাসির খান, সুমিত বাজাজদের মাঝেমধ্যেই প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। নিজেদের ইচ্ছে অনুযায়ী বাইরে থেকে টাকাও পান তাঁরা।
সূত্রের খবর, আরশাদ শেখ নামের এক বন্দি গত পাঁচদিন ধরে বারুইপুর জেলের মধ্যে অনশন করছেন। তাঁকে জেলের মধ্যে কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ফলে রোজগার করতে পারছেন না তিনি। অনেকবার কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হয়নি। তাই তিনি অনশন করছেন। আরশাদকেই এদিন জেলকর্মীরা মারধর করেন বলে অভিযোগ। তারপরেই শুরু হয় সংঘর্ষ। দীর্ঘদিন ধরে জমে থাকা রাগের ফলেই এই সংঘর্ষ এত বড় হয়েছে বলে মনে করা হচ্ছে।
খবর পেয়ে সেখানে যান বারুইপুরের পুলিশ সুপার রশিদ মুনির খান। তিনি জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। এই সংঘর্ষে আহত এক জেলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।” জেল কর্তৃপক্ষের তরফে অবশ্য এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।