দ্য ওয়াল ব্যুরো: রিসর্টের হেঁশেলে রান্না করতে ঢুকেছিলেন রাঁধুনি। কিন্তু রান্নাঘরে পা দিতেই ভয়ে-আতঙ্কে কেঁপে উঠেছিলেন। কারণ তাঁর চোখের সামনে তখন দিব্যি কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে এক সুবিশাল কিং কোবরা। খানিক ধাতস্ত হতেই চিৎকার করে রিসর্টের বাকি কর্মীদের জড়ো করেন ওই রাঁধুনি। তাড়াতাড়ি খবর পাঠানো হয় বন দফতরে।
কিন্তু বন দফতরের কর্মীরা এসেও প্রাথমিক ভাবে বাগে আনতে পারেননি ওই কিং কোবরাটিকে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত খবর পাঠানো হয় স্থানীয় সর্প বিশারদ নন্দু রায়কে। নন্দুবাবু জানিয়েছেন, শুক্রবার গরুমারা জাতীয় উদ্যানের সাউথ রেঞ্জ অফিস থেকে তাঁর কাছে একটি ফোন আসে। তিনি জানতে পারেন ওই অফিস লাগোয়া একটি রিসর্টের রান্নাঘরে ঘাঁটি গেড়েছে একটি কিং কোবরা।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের দলকে নিয়ে ওই রিসর্টে পৌঁছে যান নন্দু রায়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় ওই সাপটিকে। নন্দুবাবু জানিয়েছেন, ১২ ফুট লম্বা ওই কিং কোবরাটি (ফিমেল) সম্পূর্ণ সুস্থই রয়েছে।
অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানিয়েছেন, এই অঞ্চলে ইদানীং কিং কোবরার সংখ্যা বেড়েছে। মাঝে মধ্যেই এদিক-ওদিক থেকে উদ্ধার হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, শুক্রবার রাতে সাপটিকে উদ্ধারের পর, তাকে খাঁচাবন্দি করে গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ডাক্তাররা সাপটিকে পরীক্ষা করবেন। তার পর কিং কোবরাটিকে ফের গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।