দ্য ওয়াল ব্যুরো: হাওড়া জেলার সঞ্জীবন হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছিল রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি দেখতে আসা কেন্দ্রীয় দল। এই হাসপাতাল থেকে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেক করোনা আক্রান্ত রোগী। কিন্তু শুক্রবার রেকর্ড গড়ল এই হাসপাতাল। এদিন এখান থেকে ১০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রাজ্যে একদিনে কোনও হাসপাতাল থেকে এই প্রথম এত রোগী সুস্থ হলেন। একদিনে সুস্থ হওয়া রোগীর সংখ্যায় কলকাতার হাসপাতালগুলিকে টেক্কা দিল সঞ্জীবন হাসপাতাল।
জানা গিয়েছে, এদিন যে ১০১ জন সঞ্জীবন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাঁদের মধ্যে ৪২ জন মহিলা ও ৫ শিশু রয়েছে। এই ৪২ মহিলার মধ্যে একজন অন্তঃসত্ত্বা। এই ১০১ জনের মধ্যে ১২ জন এমন রোগী সুস্থ হয়েছেন যাঁরা বেশ কিছুদিন ভেন্টিলেশনে ছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তাঁরা।
এদিন সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের মধ্যে একজন ৮৪ বছরের বৃদ্ধ রয়েছেন। তিনিই এঁদের মধ্যে সবথেকে বয়স্ক। বেশ কিছুদিন ভেন্টিলেশনে ছিলেন ওই বৃদ্ধ। করোনা ছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। তিনিও সুস্থ হতে বাড়ি ফিরছেন।
এই সাফল্যের ব্যাপারে বলতে গিয়ে সঞ্জীবন হাসপাতালে ডিরেক্টর শুভাশিস মিত্র জানিয়েছেন, "আমাদের হাসপাতালে আন্তর্জাতিক মানের পরিষেবা রয়েছে। আমরা ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা করেছি, যাতে হাসপাতালে আসা রোগীদের থেকে কারও মধ্যে সংক্রমণ না ছড়ায়। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ডেডিকেটেড দল রয়েছে আমাদের। সবার মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য। করোনাকে ভয় পেলে চলবে না। লড়াই করতে হবে। লড়াই করেই জিততে হবে আমাদের।"
এর আগে গত ৯ মে এই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ২৮ জন করোনা রোগী। তবে এত বেশি রোগী এই প্রথম কোনও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
শুক্রবার স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৭৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১৩। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০। এছাড়াও ৭২ জন কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। এখনও অবধি রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭৭৫ জন। সুস্থতার হার ৩৬.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০৭ জন সুস্থ হয়েছেন। তার মধ্যে ১০১ জন হাওড়ার সঞ্জীবন হাসপাতাল থেকে।