ফের রাস্তায় জামিয়া মিলিয়ার ছাত্ররা, তুলকালাম দিল্লিতে
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আন্দোলনে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যেই দিল্লির রাস্তায় ফের আন্দোলনে নেমে পড়ল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
শনিবার দুপুরে কয়েকশো ছাত্রছাত্র
শেষ আপডেট: 21 December 2019 08:59
দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আন্দোলনে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যেই দিল্লির রাস্তায় ফের আন্দোলনে নেমে পড়ল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
শনিবার দুপুরে কয়েকশো ছাত্রছাত্রী পৌঁছে যায় দিল্লির চাণক্যপুরীতে উত্তরপ্রদেশ ভবনের সামনে। সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ছাত্রদের। পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় দিল্লি পুলিশ। বেশকয়েকজন ছাত্র নেতা-নেত্রীকে আটক করা হয়েছে বলে খবর।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন ভয়াবহ আকার নিয়েছে উত্তরপ্রদেশে। শনিবার থেকে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে রামপুরে। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। এদিন জামিয়ার ছাত্ররা ওই ঘটনার প্রতিবাদেই রাস্তায় নামে। সেই আন্দোলন ঘিরে আর একপ্রস্থ উত্তেজনা ছড়াল রাজধানীতে।
গত রবিবার মধ্যরাতে জামিয়া মিলিয়ার ছাত্রদের আনলন ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধেছিল দিল্লিতে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের পেটানোর। এমনকি জামিয়ার ছাত্ররা অভিযোগ তোলেন, ছাত্রীদের শৌচাগারে ঢুকে পিটিয়েছে পুরুষ পুলিশ।
মধ্যরাতেই দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে হাজারো ছাত্রছাত্রী। জামিয়ার পাশে দাঁড়ায় জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। রাস্তায় নেমে মিছিল শুরু হয় কেরল থেকে কলকাতা পর্যন্ত। ওই ঘটনার পর এক সপ্তাহ কাটেনি। এর মধ্যেই ফের জামিয়ার ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি। শেষ পাওয়া খবর অনুযায়ী উত্তরপ্রদেশ ভবনের সামনে জমায়েত হয়ে রয়েছে বিরাট সংখ্যক ছাত্র। পরিস্থিতি সামাল দিতে পাঠানো হয়েছে বিরাট পুলিশ বাহিনীও।