দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পুলিশ প্রধান পদ থেকে এসপি বেদকে সরিয়ে দেওয়ার রাতেই উত্তপ্ত ভ্যে উঠল উপত্যকা। শুক্রবার গভীর রাত থেকে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে। শনিবার ভোর পর্যন্ত ১ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।
অনন্তনাগ পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, নিহত জঙ্গির নাম, পরিচয় এখনও জানা যায়নি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর যায় সেনাবাহিনীর ক্যাম্পে। সেই খবরের ভিত্তিতেই অনন্তনাগের অচলবল এলাকা ঘিরে নেয় নিরাপত্তাবাহিনী। ঘিরে ফেলা টের পেয়েই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। চারদিক থেকে ঘিরে নিয়ে গুলিবৃষ্টি শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। মৃত্যু হয় এক জঙ্গির।
দু'পক্ষের গুলি বিনিময়ে জখম হন এক পুলিশ আধিকারিকও। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত রবিবার জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় এভাবেই জঙ্গি ঘাঁটি ঘিরে নিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করে নিরাপত্তাবাহিনী।