দ্য ওয়াল ব্যুরো: মুখে মাস্ক, গলায় মালা সঙ্গে স্কুল খোলার অনুরোধ জানিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন স্কুল শিক্ষক। আলিপুরদুয়ারের কুমারপাড়া মথুরাবাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাসের এই অভিনব প্রতিবাদ এখন শিক্ষা মহলে বেশ চর্চার বিষয়। প্ল্যাকার্ডে তাঁর আর্জি, "করোনা বিধি মেনে বিয়ের অনুষ্ঠান হলে স্কুলগুলোও খোলা হোক।"
স্কুল, কলেজ বন্ধ নিয়ে সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনাও হচ্ছে বিস্তর। এমনকি রাস্তায় নেমে প্রতিবাদ করায় সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে এক বামপন্থী ছাত্র সংগঠনেরও। এমন সময় অসীমবাবু নিজের বিয়ের অনুষ্ঠানকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি প্রকাশের হাতিয়ার করেছেন।
ফালাকাটার সুভাষ পল্লীতে একসময় প্রাইভেট পড়াতেন। সেই সূত্রেই ছাত্রীর সঙ্গে প্রেম। সোমবার নিজের বাড়িতেই বিয়ের আসর বসান এই স্কুল শিক্ষক। মুখে মাস্ক পরে বৈদিক মন্ত্রোচ্চারণ করে বিয়েও সারলেন, আবার স্কুল বন্ধ থাকার বিরুদ্ধে প্রতিবাদও জানালেন।
দেখুন ভিডিও
https://youtu.be/OzHe0Ryg9_Y
অন্যদিকে স্কুল খোলার দাবিতে অভিভাবকেরাও ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যখন সব কাজই চলছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে?