
শেষ আপডেট: 7 June 2022 12:12
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণের দুয়ারে বর্ষা থমকে রয়েছে এখনও, কোনও অগ্রগতি হয়নি (Monsoon in Bengal)। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী চার দিন বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ অবশ্য ভিজবেই। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। গরম থেকে এখনই মুক্তি নেই দক্ষিণের জেলাগুলির। আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হাল্কা বৃষ্টি হবে। কলকাতায় অস্বস্তি ও গরম বহাল থাকবে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
সময়ের তিন দিন আগে এবছর বর্ষা ঢুকেছিল কেরলে (Weather Update)। তারপর উত্তরবঙ্গেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে সময়ের আগেই। কিন্তু আবহাওয়া দফতর বলছে গত তিন দিনে বর্ষা আর বেশি এগোয়নি, তাই বৃষ্টিও অধরা। যদিও বর্ষার মন্দা উত্তরবঙ্গে নেই। সেখানে যথারীতি বৃষ্টি চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মালদহ ছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলাই ভিজছে বর্ষার বৃষ্টিতে।