
শেষ আপডেট: 13 October 2022 11:39
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: যৌন বিকৃতি ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সমাজে। আর তার শাস্তি দিতে গিয়ে আমজনতার আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘটনাও এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে তেমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে। নিজের প্যান্ট নামিয়ে যৌনাঙ্গ দেখিয়ে এক নাবালিকাকে (minor) উত্ত্যক্ত করছিল (sexually harassed) এক যুবক। তারপরেই তাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে দিল (Shaved his head) এলাকার মানুষ।
অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণ পাঁজা। বৃহস্পতিবার দাসপুর থানার জয়রামচকের চাটাইখালির এক নাবালিকা বাড়িতে গিয়ে জানায়, কৃষ্ণ নিজের প্যান্ট খুলে তাকে যৌনাঙ্গ দেখিয়েছে। এরপরই ওই নাবালিকার পরিজনেরা অভিযুক্ত যুবকের সন্ধানে তার বাড়িতে গিয়ে হাজির হয়। সেখান থেকে তাকে ধরে নিয়ে এসে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেদম প্রহার করে। এরপর ক্ষুর দিয়ে অভিযুক্ত কৃষ্ণর চুল কামিয়ে দেয় গ্রামবাসীরা। জুতোর মালা পরিয়ে তাকে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয়। এমনকি পানীয় জল চাইলেও তা না দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।
পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে নেট মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রামবাসীরা। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। তারা অভিযুক্ত কৃষ্ণ পাঁজাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত ওই নাবালিকার পরিবারের তরফে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
গুলি খেয়েও জঙ্গিদের শেষ করেছিল, অবশেষে মৃত্যু হল সেনাবাহিনীর সারমেয় জুমের