
শেষ আপডেট: 1 February 2023 10:09
দ্য ওয়াল ব্যুরো: সংসদে নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বাজেট (Union Budget 2023) বক্তৃতা শেষ করার কিছুক্ষণ পরেই বীরভূমে সরকারি কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আন্দাজ করা গিয়েছিল কী হতে পারে। তাই হল। চব্বিশের লোকসভার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটকে কার্যত বিশেষণে ভরিয়ে দিয়ে তুলোধোনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
সরাসরি এই বাজেটকে ধিক্কার জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা সুবিধাবাদী বাজেট। কোনও আশার আলো নেই। শুধু অমাবস্যার অন্ধকার। আমি এই বাজেটকে ধিক্কার জানাই।’

অতীতে রেলমন্ত্রী হিসেবে বহুবার রেল বাজেট পেশ করার অভিজ্ঞতা আছে মমতার। সেসব বাজেটে জনমুখী ঘোষণাও করেছিলেন তিনি। এমনকি কলকাতায় এখন যখন মেট্রো সম্প্রসারণ বাস্তবায়িত হচ্ছে তা সবই দিদির সময়ের ঘোষণা। এত সব কথার অবতারনা না করলেও এদিন মমতা বলেন, ‘আমায় দিতেন বাজেট করতে, দেখিয়ে দিতাম কীভাবে গরিব মানুষের স্বার্থে বাজেট করা যায়। কীভাবে দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়।’
বুধবার বাজেটের একাধিক ঘোষণা নিয়ে তীব্র সমালোচনায় মুখর হন মমতা। তাঁর কথায়, ‘আগের বছর ১০০ দিনের কাজের টাকার বরাদ্দ স্যাট করে কমিয়ে দিয়েছিল। এবার আরও কমিয়ে দিয়েছে। তার মানে আপনারা আগামী দিনে আর ১০০ দিনের কাজের টাকা পাবেন না।’ সেইসঙ্গে খাদ্যপণ্যে ভর্তুকি হ্রাসের কথা তুলে মমতা সরাসরি বলেন, বাজেটে জালিয়াতি হয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘বাজেটে একটা বড় কেলেঙ্কারি করেছে। খাদ্যে ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে টাকা মেরে দেবে। একদিন দেখবেন রেশনটাই বন্ধ হয়ে গিয়েছে।’
মমতার সাফ কথা, এই সরকারের সময়ে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষ ক্রমশ দুর্দশাগ্রস্থ হয়েছেন আর কিছু লোকের সম্পদ বেড়েছে। যদিও এ ব্যাপারে কারও নাম করেননি মমতা।
পর্যবেক্ষকদের অনেকের মতে, চব্বিশের ভোটের আগে এই বাজেটে যেমন মধ্যবিত্তের মন পাওয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী, নির্মলা সীতরামনরা তেমন মমতাও যেন পঞ্চায়েতের আগে গ্রামের মানুষের সামনে পাল্টা ধারণা তৈরি করতে চাইলেন। সন্দেহ নেই কোভিড পরবর্তী সময়ে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হয়ে গিয়েছে ১০০ দিনের কাজ। এদিন মমতা সেই মানুষের সামনেই বোঝাতে চান, বিজেপি আস্তে আস্তে ১০০ দিনের কাজ প্রকল্পটাই লাটে তুলে দেবে। সেইসঙ্গে রেশন দোকানে লাইন দেওয়া এখনও যে গ্রামীণ মানুষের মাসিক রুটিন, মমতা বোঝাতে চান এই বাজেটে তাও সংশয়ের মুখে।
ধূমপানের খরচ বাড়বে, সিগারেটের উপর অন্তঃশুল্ক বাড়ালেন নির্মলা