
শেষ আপডেট: 4 March 2023 03:05
দ্য ওয়াল ব্যুরো: অধীর চৌধুরী সম্পর্কে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি (Kaustav Bagchi)। একাধিক সংবাদমাধ্যমে তিনি যখন একটি বইয়ের পাতা উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানাচ্ছেন তখনই মোটামুটি সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। তারপর শনিবার কাক ভোরে কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গেল কলকাতা পুলিশের টিম। সকাল পৌনে আটটা পর্যন্ত বটতলা থানার ওই টিম কৌস্তভের বাড়িতেই রয়েছে। এরমধ্যেই তরুণ কংগ্রেস নেতাটি ফেসবুকে পোস্ট করেন লেখেন, 'অবশেষে গ্রেফতার হলাম।'

ব্যারাকপুরে ওল্ড ক্যালকাটা রোডে কৌস্তভের বাড়ি। আইনজীবী বাড়িতেই রয়েছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী প্রীতি কর। দ্য ওয়াল-কে সকাল পৌনে আটটার সময়ে প্রীতি বলেন, 'পুলিশ এখনও ৪১-এ ধারার নোটিস দেখাতে পারছে না। ফলে গ্রেফতার করতে পারেনি। আমরা যে কাগজ দেখতে চাইছি পুলিশ কিছুই দেখাতে পারছে না। বোঝাই যাচ্ছে কী উদ্দেশে এসেছে।'
কৌস্তভের বাবা কুশল বাগচি বলেন, 'সাগরদিঘির ভোটের ফল ঘোষণার পর থেকে যা যা হয়েছে তার ভিত্তিতে পুলিশ যদি বাড়িতে চলে আসে তাহলে তো বুঝতে হবে বাংলায় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা নিয়েই এই সরকার পুলিশকে পাঠিয়ে দিয়েছে।'
কৌস্তভের বাড়িতে পুলিশ গিয়েছে শুনে তাঁর বন্ধুবান্ধবরাও সেখানে পৌঁছে গিয়েছেন। বেশ কিছু সিপিএম-কংগ্রেস কর্মীও জড়ো হয়েছেন সেখানে। পুলিশ কতক্ষণ থাকে, কৌস্তভকে আদৌ গ্রেফতার করা হয় কিনা, সেটাই এখন দেখার।