কোভিড চিকিৎসার চূড়ান্ত কেন্দ্র কলকাতা মেডিক্যাল, ঘোষণা স্বাস্থ্য দফতরের, রাজ্যে মোট কোভিড হাসপাতাল ৬৮টি
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে প্রধান এবং চূড়ান্ত (টার্শিয়ারি) হাসপাতাল বলে ঘোষণা করল রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ১০০০ বেড নিয়ে পুরোদমে কোভিড চিকিৎসা শুরু হয়েছে এই হাসপাতালে।
শেষ আপডেট: 11 May 2020 12:42
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে প্রধান এবং চূড়ান্ত (টার্শিয়ারি) হাসপাতাল বলে ঘোষণা করল রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ১০০০ বেড নিয়ে পুরোদমে কোভিড চিকিৎসা শুরু হয়েছে এই হাসপাতালে। এটিই রাজ্যের কেন্দ্রীয় কোভিড হাসপাতাল।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই রাজ্যে একটি একটি করে কোভিড হাসপাতাল তৈরি হয়েছে। অর্থাৎ পুরনো কোনও হাসপাতালকেই পুরোপুরি কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। রাখা হয়েছে একাধিক আইসোলেশনের সুবিধা, প্রস্তুত করা হয়েছে ভেন্টিলেটর। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের আলাদা সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছে।
সবার প্রথমে এই অসুখের চিকিৎসা শুরু হয়েছিল কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। এটিই করোনা চিকিৎসার নোডাল কেন্দ্র হয়ে উঠেছিল। প্রতিদিন কাতারে কাতারে জ্বর-শ্বাসকষ্টের রোগী উপতে পড়ছিল এখানে। এর পরেই একে একে আরও কোভিড হাসপাতাল খোলা হয়। কলকাতার পাশাপাশি জেলাতেও চালু হয় কোভিড হাসপাতাল।
৬৭টি কোভিড হাসপাতালের পরে গত সাত তারিখ থেকে কোভিড হাসপাতাল হিসেবে তালিকাভুক্ত হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালও। অর্থাৎ রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যা মোট ৬৮। তার মধ্যে কলকাতায় আছে ৫টি।

বস্তুত, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। মার্চ মাসের ২৩ তারিখে, রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন মাত্র ৭, তখনই স্বাস্থ্য ভবন জানিয়েছিল, যত তাড়াতাড়ি সম্ভব মেডিক্যাল কলেজকে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে রোগী ভর্তি নেওয়া বন্ধ হবে। মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি বিল্ডিং ও নতুন হস্টেল বর্তমানে ফাঁকা রয়েছে। তাই এই দুটি বিল্ডিংকেই প্রথমে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।
তার পরে রাজ্যে করোনা সংক্রমণের গতি বেড়ে গেছে অনেক বেশি। এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় দু'হাজার। ফলে অল্প সময়ে সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। এর মধ্যেই রাজ্যে ৬৭টি হাসপাতালকে কোভিড হাসপাতাল করে তোলা হয়েছে। সেখানেই নতুন সংযোজন হয়েছে মেডিক্যাল কলেজ।
বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশের মতে, যদি কলকাতা মেডিক্যাল কলেজকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি এখানকার উন্নতমানের যন্ত্রপাতি, ভেন্টিলেশন, আইসিইউ, সিসিইউ সব ব্যবহার করা যাবে। মেডিক্যাল কলেজের এলাকাও অনেক বড়। ফলে রোগীদের সঠিক ভাবে আইসোলেশনে রাখা যাবে। সংক্রমণ ছড়িয়ে পড়ার গতি কমানো যাবে।
সব দিক ভেবে এই হাসপাতালকেই আপাতত 'টার্শিয়ারি' হাসপাতাল বলে নির্ধারিত করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর।