
শেষ আপডেট: 8 February 2023 14:35
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সাধারণভাবে একটি মোটরবাইকে দুজন বসতে পারেন। তিনজন বসার দৃশ্যও একেবারে অস্বাভাবিক নয়। কিন্ত তাই বলে দশ-দশজন একই মোটরবাইকে ( Jumbo Motorbike Ride) সওয়ার। একসঙ্গে দিব্যি তাঁরা ঘোরাফেরা করছেন দু’নম্বর জাতীয় সড়ক ধরে। এমন দৃশ্যে রীতিমতো হইহই দুর্গাপুরে ( Durgapur )।
দশজন আরোহীর বসার জন্য লম্বা ইলেকট্রিক মোটরবাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুর শহর লাগোয়া গোপালমাঠের দুবচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু। চারচাকা গাড়ি হার মানবে এই মোটরবাইকের কাছে। এক চার্জে চলবে একশো কিমি পথ, খরচ হবে মাত্র আট টাকা। এই মোটরবাইক তৈরি করতে ছোটনের সময় লেগেছে প্রায় তিনমাস। আর খরচ হয়েছে পনেরো হাজার টাকা।
ছোটন জানান, সৌরবিদ্যুতের সাহায্যেও চার্জ দেওয়া যাবে এই অবাক বাইকে। পেট্রোল চালিত যানবাহনের বিকল্প হিসেবে এটাকে ভাবাই যায়। দু’নম্বর জাতীয় সড়কে এই বাইক চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ছোটন। আমজনতার চাহিদায় এই গাড়ি নির্মাণ করার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
ফুলের ডেকোরেশনের কাজ করেন ছোটন। সঙ্গীদের নিয়ে হামেশাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। ছোটন জানান, জ্বালানি তেলের অগ্নিমূল্যে অস্থির হয়েই এই অভিনব বাইক তৈরির বিষয়টি তাঁর মাথায় আসে। তারপর সকলের সহযোগিতায় গড়ে তোলেন এই অত্যাশ্চার্য বাইক। বাইকটি রয়েছে একটি ছোট সাউন্ডবক্সও। মোবাইলের ব্লু টুথ কানেকশনের করলেই বেজে উঠবে গান। এই বাইক দেখতেই এখন গোপালমাঠে ভিড় জমাচ্ছে শহরবাসী।
শিশুকে বেঁধে বেদম মার, ভাইরাল ভিডিও দেখে ছুটে গেল পুলিশ! তারপর…
২৭ বছরের ছোটন ক্লাস টেনের পর আর পড়াশোনা করেননি। ফুলের ব্যবসায় নামেন। বিভিন্ন অনুষ্ঠানে ফুল সরবরাহ করেন। বিয়ে বা অন্য অনুষ্ঠানে ফুল সাজান। পাশাপাশি নানা ধরণের যন্ত্র নিয়ে কাজ করাও তাঁর নেশা। অজয় দেবগনের গোলমাল সিনেমা থেকেই এমন বাইক তৈরির চেষ্টা। শেষমেষ তা করে ফেলতে পেরে বেজায় খুশি তিনি।
রিজিওন্যাল ট্রান্সপোর্ট অফিসার মৃন্ময় মজুমদার বলেন, “এভাবে তো কোনও গাড়ি বা বাইকের মডেল সরকারি অনুমোদন পায় না। তাঁকে রাজ্য পরিবহণ দফতরে আবেদন করতে হয়। পরিবহণ দফতর থেকে তাঁর তৈরি বাইকটি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত।”