
শেষ আপডেট: 2 March 2023 05:02
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অ্যাডেনোভাইরাসের (adenovirus) উপসর্গে আক্রান্ত শিশুদের সবচেয়ে বড় সমস্যা শ্বাসকষ্ট। এবার সেই সমস্যায় আরও উন্নত চিকিৎসার জন্য পেডিয়াট্রিক ভেন্টিলেটরের (pediatric ventilators) ব্যবস্থা করল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ (Jalpaiguri Medical College) কর্তৃপক্ষ।
জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও পেটখারাপ অ্যাডেনোভাইরাস সংক্রমণের অন্যতম প্রধান উপসর্গ। জলপাইগুড়ি জেলায় এই জাতীয় সমস্যায় আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমশ বাড়ছে। বুধবার দিনভরও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের আউটডোরে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ে। বাচ্চা কোলে নিয়ে মায়েদের লম্বা লাইন দেখা যায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিশু বহির্বিভাগে।
শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুশোভন রায় জানান, গড়ে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো শিশুকে দেখতে হচ্ছে। যাদের বেশিরভাগ জ্বর, কাশি, শ্বাসকষ্ট অর্থাৎ অ্যাডেনোভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে এসেছে। তাঁদের চিকিৎসা চলছে।
মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার কল্যাণ খাঁ জানালেন, মঙ্গলবার স্বাস্থ্য দফতরের যে নির্দেশিকা এসেছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ইতিমধ্যে তারা ফিভার ক্লিনিক চালু করতে উদ্যোগী হয়েছেন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে এমন শিশুদের জন্য পেডিয়াট্রিক ভেন্টিলেটরেরও ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে মাত্র একজন শিশু তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্য বছর এই সময় যত সংখ্যক শিশু এই জাতীয় সমস্যা নিয়ে হাসপাতালে আসে এবারেও তেমন। আক্রান্তের হার তেমন বাড়েনি।’’ বাচ্চাদের জ্বর কিংবা শ্বাসকষ্ট হলে অযথা আতঙ্কিত না হয়ে হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন।
চাওয়ালি কলেজ পড়ুয়ার লড়াইকে কুর্নিশ মহকুমাশাসকের, দিলেন পড়াশোনার খরচ জোগানোর আশ্বাস