
শেষ আপডেট: 18 August 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার দু’বছর পর বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি বা কার্য উপদেষ্টা কমিটিতে (Business Advisory Committee) স্থান পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী (ISF MLA Nausad Siddiqui)। নওসাদকে সংশ্লিষ্ট কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। আগামী ২১ অগস্ট ওই কমিটির বৈঠক রয়েছে। সেখানে বিরোধী মুখ হিসেবে এবার দেখতে পাওয়া যাবে নওসাদকে।
বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির (Business Advisory Committee) কাজ কী? বিধানসভা সূত্রের খবর, বিধানসভার অধিবেশনে কোন কোন বিল নিয়ে আলোচনা হবে, কোন কোন ইস্যুতে আলোচনা হবে, সেই সংক্রান্ত বিষয়েই বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে আলোচনা হয়। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটিতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা। তবে অতীতে বিভিন্ন সময়ে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক বয়কট করেছেন শুভেন্দু, মনোজেরা। সেদিক থেকে এবারে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে নওসাদকে বিরোধী মুখ হিসেবে দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বিষয়টি নিয়ে কৌতূহলী নওসাদ (ISF MLA Nausad Siddiqui) নিজেও। তাঁর কথায়, “হয়তো আরও আগে আমাকে এই কমিটিতে নিযুক্ত করা উচিত ছিল। তবে এনিয়ে বিতর্ক বাড়াতে চাই না। ওই কমিটির কাজ কী, সেখানে কী বিষয়ে আলোচনা হয়, সেগুলো আমি দ্রুত জেনে নেওয়ার চেষ্টা করছি।”
২০২১ সালের বিধানসভা ভোটে ভাঙড় থেকে জয়ী হয়েছেন নওসাদ। আন্দোলন করতে গিয়ে মাঝে বেশ কিছুদিন জেলবন্দিও থাকতে হয়েছে তাঁকে। অবশেষে দেরিতে হলেও স্পিকার নওসাদকে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটিতে যুক্ত করায় খুশী নওসাদ অনুগামীরা।
আরও পড়ুন: যাদবপুরে এবিভিপির ধর্না মঞ্চে পুলিশি হানা, বিনা অনুমতির অভিযোগ, গ্রেফতার একাধিক