দ্য ওয়াল ব্যুরো: রমজান মাসের অস্ত্রসংবরণ চুক্তি মানেনি পাকিস্তান। গতকালও পাকিস্তানি বাহিনীর শেলিং-এ মারা গিয়েছেন বিএসএফ-এর দুই জওয়ান। এরকম চললে, ভারতেরও কোনও দায় নেই অস্ত্রসংবরণ চুক্তি মেনে চলার। সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট প্রতিমন্ত্রী হংসরাজ আহির।
তিনি আরও জানান, পাকিস্তান হামলা চালালে ভারত যে অস্ত্রসংবরণ করে হাত গুটিয়ে বসে থাকবে না, সে কথাও স্পষ্ট করে লেখা আছে ওই চুক্তিতে। তবে প্রথমে আক্রমণ না করার নীতিতেই এখনও অটল ভারত।
জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ক্রমান্বয়ে আক্রমণে উত্তেজনার পারদ বাড়ছে দুই দেশের সম্পর্কে।
এই সপ্তাহেই জম্মু কাশ্মীরের যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর। রমজান মাসে অস্ত্রসংবরণ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর এই প্রথম সেইখানে যাচ্ছে রাজনাথ। তবে এই প্রসঙ্গে এখনই নিজের মত স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, ভারত কোনও একতরফা অস্ত্রসংবরণের চুক্তিতে সই করেনি। পাকিস্তান যদি আবার হামলা চালায়, তাহলে ভারতেরও যথেষ্ট অধিকার আছে পাল্টা রুখে দাঁড়ানোর। এই চুক্তি করে দেশের সেনাদের হাত বেঁধে দেওয়া হয়নি।