
শেষ আপডেট: 29 May 2022 13:35
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ে কারও সঙ্গে জোট নয়। জিটিএ ভোটে (GTA Election) ১০ টি আসনে লড়বে তৃণমূল কংগ্রেস (TMC)। শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
আসন্ন মহকুমা পরিষদ ও জিটিএ নির্বাচনের (GTA Election) আগে পাহাড় ও সমতলের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন পাহাড় ও সমতলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস৷ এরপরেই শিলিগুড়ির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই শিলিগুড়ি মহকুমা পরিষদের সবকটি আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। তবে পাহাড়ের ক্ষেত্রে মাত্র ১০ টি আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। অরূপ বলেন, ‘‘গত পুরসভা নির্বাচনেও আমরা ১০ টি আসনে প্রার্থী দিয়েছিলাম। এবারও জিটিএ নির্বাচনেও ১০ টি আসনেই লড়বে তৃণমূল।’’
প্রার্থী তালিকায় নাম রয়েছে বিনয় তামাংয়ের। তবে বিমল গুরুং প্রসঙ্গে একেবারে চুপ পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এ প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘‘গত ১১ বছর ধরে মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়ন করে চলেছেন, ৭৩ টি সামাজিক প্রকল্প করেছেন। মুখ্যমন্ত্রী বাংলাকে এক নম্বর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই উন্নয়ন যজ্ঞে সকলেই সামিল হোক এটাই আমাদের আবেদন।’’ বিমল কি তবে রুট চেঞ্জ করছে? এ প্রশ্নে একেবারে চুপ অরূপ বিশ্বাস।
অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকড়ও রবিবার পাহাড়ে এসেছেন। রাজ্যপালের এই সফরকে পর্যটকদের সফরের সঙ্গে তুলনা করলেন অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‘সকালে আমি যখন ট্রেন থেকে নামলাম দেখলাম প্রচুর পর্যটক পাহাড়ে আসছেন, আসলে কলকাতায় খুব গরম। কাজেই তাঁরা একটু স্বস্তি পেতে পাহাড়ে আসছেন। বাকি কে কোথায় আসছে আমি জানি না।’’
মহকুমা পরিষদ সহ জিটিএ নির্বাচনের লড়াইয়ে জয়ের ব্যাপারে তাঁরা কতটা আশাবাদী, এই প্রশ্ন করতেই অরূপ বলেন, ‘‘মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কুৎসা বনাম উন্নয়নের লড়াই হবে। তবে পাহাড়ে আপাতত কোনও দলের সঙ্গে জোট নয়। আগামীদিনে আরও অনেক কিছু বলার আছে। আমরা চাই পাহাড়ে ১০ টি আসনেই জয় লাভ করতে।’’
হরপা বানে ডুয়ার্সের গাঠিয়া নদীতে ডুবে মৃত্যু চা বাগান ম্যানেজারের স্ত্রী ও মেয়ের