
শেষ আপডেট: 4 November 2022 10:38
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের ভুয়ো কলসেন্টারের (Fake Call Centre) হদিশ। কখনও টাওয়ার বসানো, আবার কখনও স্বাস্থ্যবিমা (Health Insurance) করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। ঘটনার তদন্ত করতে নেমে ব্যারাকপুর থানার হাতে ধরা পড়ল সতেরো জন। ধৃতদের মধ্যে চারজন মহিলাও রয়েছে।
গোপন সূত্র থেকে দমদম ক্যান্টনমেন্টে এই ভুয়ো কল সেন্টারটির হদিশ পায় পুলিশ। টাওয়ার বসানোর নাম করে একাধিক মানুষকে ঠকিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিমা করিয়ে দেওয়া নাম করে লক্ষ লক্ষ টাকার হাতিয়েছে।
বৃহস্পতিবার রাতে ব্যারাকপুর গোয়েন্দা শাখার তদন্তকারীরা দমদম থানার পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় দমদম ক্যান্টনমেন্টের ওই অফিসে। সেই সময় ওই অফিসে উপস্থিত ছিল ১৭ জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে বড়সড় কোনও প্রতারণা চক্র জড়িত। সে বিষয়ে তদন্ত চলছে।
অনুব্রতর লটারি জেতা নিয়ে সিবিআই নামল কোমর বেঁধে, হানা বোলপুরের দোকানে
উল্লেখ্য, সম্প্রতিকালে সল্টলেকের সেক্টর ফাইভ সহ শহরের বিভিন্ন জায়গায় একাধিক অফিসে হানা দিয়ে ভুয়ো কল সেন্টারের হদিশ পায় পুলিশ। নিরীহ মানুষদের ফাঁদে ফেলার জন্য রাতারাতি গজিয়ে ওঠা কল সেন্টারগুলি থেকে ভুয়ো মেসেজ ও ফোনকলের মাধ্যমে প্রতারণার জাল বিছায় সাইবার অপরাধীরা। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে নাগরিক সচেতনতা গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতারকরাও সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রতারণার ধরন বদলাচ্ছে, যা তদন্তকারীদের মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে।