
শেষ আপডেট: 8 October 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জলদাপাড়া জাতীয় উদ্যানে পাওয়া গেল হাতির মৃতদেহ। এই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছে পূর্ব দেওগাঁও এলাকায়। সেখানে একটি সেগুন বাগানে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জাতীয় উদ্যানে ফের হাতির মৃত্যু হওয়ার পশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে কয়েকটি জনবস্তি রয়েছে। শনিবার সকালে পূর্ব দেওগাঁও এলাকার একটি সেগুন বাগানে কাঠ কুড়োতে গিয়ে গ্রামবাসীরা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা মাদারিহাট রেঞ্জের বনকর্মীদের খবর দেন। খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে যান। হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবজিৎ দে জানান, বিদ্যুতের শকেই হাতিটির মৃত্যুর হয়েছে। উদ্যানের চারিদিক বেআইনিভাবে কেউ বা কারা বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর।
কয়েকদিন আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া বেআইনি বিদ্যুতের তারের তরিদাহত হয়ে একটি হাতির মৃত্যু হয়েছিল। রেলে কাটা পড়ে ডুয়ার্সের নাগরাকাটাতে হাতির মৃত্যুর ঘটনাও ঘটে। সম্প্রতি অসম-বাংলা সীমান্তে নদীতে হাতির কাটা মুন্ডু উদ্ধার হয়। এই ভাবে একের পর এক হাতির মৃত্যুর খবর সামনে আসতেই পরিবেশকর্মীরা জঙ্গলদের পশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।