
শেষ আপডেট: 25 April 2023 14:47
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সরকারি জেএনএম হাসপাতালে(JNM Hospital) ডায়ালিসিস করানোর পর এইচআইভি আক্রান্ত হয়েছেন ছজন। এমনই অভিযোগে তোলপাড় নদিয়া। স্বাস্থ্য দফতরের নির্দেশ পেয়ে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবারই একটি প্রাইমারি রিপোর্ট স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মারফত স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জী।
জেএনএমের অধ্যক্ষ অভিজিৎবাবু জানান, পিপিপি মডেলে গত কয়েক বছর ধরে ডায়ালিসিস ইউনিটটি চলছে। ১০ শয্যা বিশিষ্ট এই ডায়ালিসিস ইউনিটে পাঁচটি বেড সাধারণ রোগীদের জন্য, চারটি বেড হেপাটাইটিস আক্রান্ত রোগীর জন্য ও একটি বেড এইচআইভি আক্রান্তদের জন্য ব্যবহার করা হয়। কেন এই অভিযোগ উঠল তা খতিয়ে দেখার জন্য আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে।
তিনি জানান, যে ব্যক্তি এই অভিযোগ এনেছেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সরাসরি অভিযোগ জানাননি। স্বাস্থ্যভবনে অভিযোগ করেছেন। এরপরে স্বাস্থ্যভবনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। অভিজিৎবাবু বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগেই বাকি পাঁচজনের নাম জানা গেছে। এরা প্রত্যেকেই এই হাসাপাতালে ডায়ালিসিস করার পরেই এইচআইভি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। তারপরেই স্বাস্থ্য দফতরে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে।”
সরকারি হাসপাতালে ডায়ালিসিসের পর এইচআইভি আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসতে হইচই জেলা স্বাস্থ্য দফতরে।
সকালে ডান্সফ্লোর, বিকেলে ব্যাডমিন্টন কোর্ট মাতালেন বিরুষ্কা, সেলফি তোলা নিয়ে বিতর্কও