
শেষ আপডেট: 6 November 2022 10:10
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার ভাঙড়ের বানতলায় (Bantala) সিপিএমের (CPM) মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এই ঘটনায় জখম কমপক্ষে সাতজন সিপিএম কর্মী। ঘটনার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার সকালে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে বামনঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মিছিলের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, সেইসময় বানতলা বাজার এলাকায় সকাল থেকে কর্মীরা উপস্থিত হতে থাকলে হঠাৎ তৃণমূলের বেশ কিছু কর্মী এসে সিপিএমের কর্মীদের উপর হামলা চালায়। বেশ কয়েকজন আহতও হয়। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন সিপিআইএম কর্মী-সমর্থকরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিল শুরুর আগে জমায়েত হতেই হামলা চালিয়ে সাতজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপর ফের মিছিলও শুরু হয়।
তবে ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। তবে বিষয়টি নিয়ে তৃণমূলের একাধিক নেতাকে প্রশ্ন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপ শিয়ালদহ লোকালে আতঙ্ক! চলন্ত ট্রেনে যুবককে এলোপাথাড়ি কুপিয়ে পালাল দুষ্কৃতীরা