
শেষ আপডেট: 24 May 2022 06:18
দ্য ওয়াল ব্যুরো: ঘরের দেওয়ালজুড়ে সাজানো ছবির পর ছবি। ফুল, পাখি, গাছগাছালি গিজগিজ করছে সে ঘরে। আর এই ঘরেই থাকে ভ্রাজিষ্ণু ভট্টাচার্য। বয়স মাত্র দেড় বছর। এই বয়সেই চুঁচুড়ার (Chinsura Boy) বিস্ময়শিশুর আখ্যা পেয়ে গেছে সে। নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records)।
আরও পড়ুন: করোনামুক্তি, হেরিটেজ স্বীকৃতি, আগেভাগেই প্রতিমা তৈরির তোড়জোড় কুমোরপাড়ায়
ভ্রাজিষ্ণুর মুখে এখনও কথা ফোটেনি (Chinsura Boy)। আধো আধো বুলিতে তবু টরটরিয়ে কথা বলার চেষ্টা করে সে। আর একবার কোনও ছবি দেখলেই তা মনে রেখে দেয়। ছোট্ট মাথায় যেন গেঁথে যায় সেই ছবি, সেই শব্দ। ঘরের দেওয়ালে রাখা প্রায় দু’হাজার ছবি চোখ বুজে চিনিয়ে দিতে পারে সে। কখনও কোনও ছবি চিনতে ভুল হয় না। এই বয়সে একরত্তির এমন স্মৃতিশক্তি দেখে পরিবার তো বটেই পাড়া-প্রাতিবেশীরাও অবাক।
ভ্রাজিষ্ণুর এমন স্মৃতিশক্তি এই বয়সের আর পাঁচটা শিশুর চেয়ে তাকে অনেকটাই আলাদা করে দিয়েছে (Chinsura Boy)। তার মা কাকলিদেবী ছেলের এমন মেধার কথা ই-মেল মারফৎ জানিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষকে। তাঁরাই সবটা খতিয়ে দেখে ভ্রাজিষ্ণুর নাম রেকর্ড বইতে তুলেছেন। এতটুকু ছেলের এমন কাণ্ড দেখে তাঁরাও অবাক হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন ছোটদের স্মৃতিশক্তি সাধারণত প্রখর হয়। কিছু দেখলে বা জানলে সহজে তারা তা ভুলে যায় না, একেবারে মাথায় ঢুকিয়ে নেয়। কিন্তু তাই বলে মাত্র দেড় বছর বয়সে মনে রেখে দেওয়ার এই ক্ষমতা, হাজার হাজার ছবি এভাবে একবার নাম শুনেই চিনিয়ে দেওয়া সত্যিই বিরল। সেই কারণেই ভ্রাজিষ্ণুর নাম উঠেছে রেকর্ড বুকে। বিস্ময়শিশুর কীর্তিতে ধন্য ধন্য করছেন এলাকাবাসী।