দ্য ওয়াল ব্যুরো: মাস ছয়েক আগে হাওড়ার বি গার্ডেনের লালকুঠি এলাকায় খোলা হয় একটি অফিস। রেল সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বেকার ছেলেমেয়েদের থেকে বিপুল পরিমাণে টাকাও তোলেন দুই ব্যক্তি। কিন্তু টাকা দিলেও কপালে জোটেনি চাকরি। আর এই নিয়েই বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল ওই এলাকায়।
সোমবার রাতে লরিতে করে অফিসের মালপত্র নিয়ে চম্পট দেওয়ার সময় ওই অফিসের দুই কর্মীকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর সারারাত তাঁদের আটকে রাখা হয় সংস্থার অফিসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বি গার্ডেন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আটক করা হয় ওই দুই কর্মীকে।
প্রতারিতদের অভিযোগ, এর আগে বহুবার পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি। কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। ধৃতেরা অবশ্য জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। সবই সংস্থার মালিক জানেন বলে দাবি করেছেন ওই দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মালিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।