
শেষ আপডেট: 20 October 2022 15:56
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গরু পাচার মামলায় (cow smuggling case) বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, বেশ কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠদের সম্পত্তিও সিবিআইয়ের (CBI) নজরে রয়েছে। সেই সম্পত্তি খতিয়ে দেখতে সিবিআই এর আগে বোলপুরের (Bolpur) একাধিক রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কে হানা দিয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার সেই ব্যাঙ্কগুলির কাছে নথি চেয়ে নোটিস পাঠাল সিবিআই।
সূত্রের খবর, এই পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকটি অ্যাকাউন্ট সম্পর্কে নথি চেয়ে বোলপুরের মোট তিনটি ব্যাঙ্কে নোটিস পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। এরমধ্যে দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটি বেসরকারি ব্যাঙ্ক রয়েছে। জানা গেছে, খুব শীঘ্রই ব্যাঙ্কগুলিকে সেই সমস্ত নথি নিয়ে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই নোটিস নিয়ে মুখে কুলুপ এঁটেছে ব্যাঙ্কগুলি। তারা প্রকাশ্যে এখনও এই নোটিস পাওয়ার কথা স্বীকার করেনি।
উল্লেখ্য, এই গরু পাচারের টাকা কীভাবে হাতবদল হতো, আর কীভাবে সেই কালো টাকা সাদা করা হতো তা জানতে রীতিমতো গোটা বীরভূম চষে বেড়াচ্ছেন তদন্তকারী অফিসাররা। আর এই গরু পাচার কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই নিত্যনতুন তথ্য উঠে আসছে সিবিআইয়ের হাতে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে তাঁর ঘনিষ্ঠদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, তেমনই রয়েছেন কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ বিদ্যুত্বরণ গায়েন, মলয় পিটও।
এদিকে, দু'দিন আগেই গরু পাচার মামলার তদন্তে হাজিরা এড়িয়েছেন সুকন্যা মণ্ডল। তার পরিবর্তে তিনি ই-মেল করে সিবিআইকে নিজের সংস্থার আয়ব্যয়ের হিসাব জমা দিয়েছেন বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে জানা গেছে, সুকন্যার পাশাপাশি সেদিন সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনও।
তবে এখানেই যে সিবিআই থামছে না, তা এদিন একেবারে জলের মতো পরিস্কার হয়ে গেল তিনটি ব্যাঙ্কে নথি চেয়ে নোটিস পাঠানোয়। এখন দেখার সেই ব্যাঙ্কগুলির ম্যানেজাররা কবে সেই নথি নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেন।