
শেষ আপডেট: 25 August 2022 05:43
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি কয়লা পাচার (Coal Scam) মামলার তদন্তে সক্রিয় সিবিআই (CBI) এবং ইডি (ED)। এরমধ্যে সেই মামলায় তৎপরতা শুরু করল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি (CID)।
২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত খনি এলাকার দায়িত্বে ছিলেন এমন ১০ জন পুলিশ আধিকারিককে (Police Official) জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আগামী তিনদিন ধরে তাঁদের ভবানী ভবনে তলব করা হয়েছে।
পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমের যে সব থানা এলাকায় কয়লা খনি রয়েছে সেইসব থানায় দায়িত্ব সামলানো অধিকরিকদের ডেকেছে ভবানী ভবন। এঁদের মধ্যে ওসি ও সার্কেল ইনস্পেক্টরের সংখ্যাই বেশি।
কয়লা মামলায় রাজ্যের আট আইপিএস অফিসারকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করার নোটিস পাঠিয়েছে। গত সোমবার রাজ্য পুলিশের এসটিএফের প্রধান জ্ঞানবন্ত সিং ইডি দফতরে না গেলেও মঙ্গলবার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হয়েছিলেন কোটেশ্বর রাও। তিনি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার প্রধান।
এর আগে বাঁকুড়া থানার ওসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি আবার বিনয় ও বিকাশ মিশ্রর কাকা। কেন্দ্রীয় এজেন্সি যখন কয়লা মামলায় আইপিএসদের ডাকছে তখন রাজ্য পুলিশ ডাকছে ওসি পদ মর্যাদার অফিসারদের।
বিজেপি অবশ্য ভবানী ভবনের এই পদক্ষেপকে সত্য ধামা চাপা দেওয়ার কৌশল হিসেবে দেখছে। যদিও সরকারের অনেকের বক্তব্য, কোনও তদন্ত সিবিআই বা ইডি করলে তা স্বতন্ত্রভাবে রাজ্য যদি করে তাতে কোনও বাধা নেই। শাসকদলের বক্তব্য, বিজেপি ভয় পাচ্ছে তার কারণ তারা ভাবছে এতে ফাঁসানোর ব্লুপ্রিন্ট ঘেঁটে যেতে পারে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী পিপি’কে গ্রেফতার করল ইডি, ত্রাহি রব রাঁচিতে