
শেষ আপডেট: 22 March 2022 11:31
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটে হিংসার ঘটনায় উত্তাল বাংলা (Birbhum Violence)। এই ঘটনায় এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিয়ে বলা হয়েছে রাজ্যকে। দিল্লি থেকে এমনটাই জানালেন বাংলা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন রামপুরহাটে হিংসার ঘটনা নিয়ে কথা বলতেই দিল্লি গিয়েছিলেন সুকান্ত। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। তারপর বেরিয়ে বলেন, রামপুরহাটের ঘটনায় তিন দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন দিল্লিতে সুকান্তর সঙ্গে গিয়েছিলেন দিলীপ ঘোষসহ বিজেপির অন্যায় সাংসদরা।
‘চোখের সামনে ফাঁসি দেখতে চাই দোষীদের’, ফুঁসছেন নিহত ভাদু শেখের স্ত্রী
বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল এ রাজ্যে আসবে বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, অমিত শাহ তাঁদের আশ্বাস দিয়েছেন এই ঘটনা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রিপোর্ট পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারদের একটি টিম পরিস্থিতি খতিয়ে দেখতে এ রাজ্যে আসবে।
অন্যদিকে, রামপুরহাটের ঘটনা নিয়ে আওয়াজ তুলতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা রাজভবনে যান। যদিও রাজ্যপাল এখন দার্জিলিয়ে। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শুভেন্দুদের সঙ্গে কথা বলেন জগদীপ ধনকড়। রাজ্যপালকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্মারকলিপি জমা দেন শুভেন্দুরা।
পরিস্থিতি নিজের চোখে দেখতে ও রাজ্যের আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে রাজ্যপালকে রামপুরহাটে যাওয়ার অনুরোধ করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু বলেন, 'রাজ্যপালকে পরিস্থিতি নিজের চোখে দেখার জন্য রামপুরহাটে যাওয়ার অনুরোধ করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, যাবেন।
রামপুরহাটে সোমবার সন্ধ্যায় এক তৃণমূল উপপ্রধান খুন হয়েছেন। তারপর পরিস্থিতি অগ্নিগর্ভ। রাতের অন্ধকারে বেশ কয়েকটি বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পুড়ে মারা গেছেন অন্তত ১০ জন। তোলপাড় শুরু হয়েছে সারা রাজ্যে।