
শেষ আপডেট: 1 April 2022 06:29
দ্য ওয়াল ব্যুরো: ভাদু শেখ খুনের ঘটনায় (Bhadu Murder) বুধবার তিন জন এবং বৃহস্পতিবার আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন সেরা শেখ। সেই পুলিশের জেরার মুখে গোপন তথ্য ফাঁস করে দিয়েছে বলে খবর। তাঁর কথা অনুযায়ী তল্লাশি চালিয়ে নলহাটি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। অভিযুক্তের দাবি, এই আগ্নেয়াস্ত্র ভাদুর খুনে ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন: সাতদিন আগেই মৃত্যু! দমদমে বন্ধ ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার
কিন্তু ভাদু শেখকে কি আদৌ আগ্নেয়াস্ত্রের মাধ্যমে খুন করা হয়েছিল? নাকি বোমার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে? তদন্ত যত এগোচ্ছে, ততই যেন আরও জট পাকছে। আবার তদন্তকারীদের সেরা শেখ ভুল পথে চালিত করছেন কিনা সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও ওই আগ্নেয়াস্ত্র ভাদুর খুনেই ব্যবহৃত হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠছে কীভাবে তা নলহাটি অবধি পৌঁছল? কেনই বা নলহাটিতে তা নিয়ে যাওয়া হয়েছিল? সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সঙ্গে ভাদুর খুনের প্রত্যক্ষ যোগ ছিল বলে মনে করা হচ্ছে। সেরা শেখ ছাড়াও পুলিশের খাতায় নাম রয়েছে সঞ্জু শেখ আর রাজা শেখের।