
শেষ আপডেট: 18 June 2022 06:29
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ বিক্ষোভের আগুনের ফুলকি এসে পড়েছে বাংলাতেও। সেনায় চাকরিপ্রার্থীরা শনিবার সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন ব্যারাকপুরে (Barrackpore), স্টেশনের কাছে রেলগেট অবরোধ করে রেখেছেন তাঁরা। আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেছে শিয়ালদহ মেন লাইনের ট্রেন চলাচল। চরম ভোগান্তির শিকার যাত্রীরা।
ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেটে এদিন অভিনব প্রতিবাদের (Agnipath Agitation) ছবি দেখা যায়। আন্দোলনকারীরা লাইনের উপর শুয়ে পড়ে ডন বৈঠক দিতে থাকেন। গোল হয়ে চারদিকে এই ডন বৈঠকে ট্রেনের (Train) চাকা গড়ানোর সুযোগ ছিল না। অভিনব প্রতিবাদ দেখতে ভিড় জমে যায় আশপাশে।
তবে বেলা বাড়লে অবরোধ উঠে গেছে বলে খবর। শিয়ালদহ মেন শাখায় ফের শুরু হয়েছে ট্রেন চলাচল। সকাল সকাল স্টেশনের সামনে এমন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ- সবমিলিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন অফিসযাত্রীরা। অফিস টাইমের পর অবরোধ উঠেছে।
কেন্দ্র সরকার বুধবার সেনাবাহিনীর নতুন সশস্ত্র বাহিনী 'অগ্নিপথ'-এ নিয়োগের ঘোষণা করেছে। তার পর থেকেই দেশজুড়ে জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন। এই বাহিনীতে চার বছররের জন্য চুক্তির ভিত্তিতে জওয়ানদের নিয়োগ করার কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তরুণ চাকরিপ্রার্থীরা। মাত্র ৪ বছরের জন্য সেনাবাহিনীতে চাকরি তারা চায় না। বিহার থেকে বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছিল। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে বাকি রাজ্যেও। তেলেঙ্গানায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের।